গ্যাংওয়ের সংযোগ সড়ক দেবে যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-বাউফল সড়কের গোমা ফেরিঘাটে গ্যাংওয়ের সংযোগ সড়ক দেবে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। ফেরির ইজারাদার, ওই পথের গাড়িচালক ও স্থানীয় লোকজনের আশঙ্কা ঘাট সংস্কার না করলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাস তিনেক ধরে গ্যাংওয়ের নিচের মাটি ৮-১০ ফুট দেবে আছে। ফেরির ইজারাদার মশিউর রহমান বলেন, ‘ফেরিঘাটের গ্যাংওয়ে (সড়ক ও পন্টুনের সংযোগ পথ) দেবে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। আমরা নিজেদের টাকায় গাছের গুঁড়ি ও মাটি দিয়ে কোনোভাবে ঘাটটি টিকিয়ে রেখেছি।’ রোববার সরেজমিনে ফেরিঘাটে গেলে ফেরির কর্মী নিতাই চন্দ্র সাহা বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাঁরা এসে দেখেও গেছেন, কিন্তু কাজের কোনো উদ্যোগ নেই।’ গাড়িচালক জামাল হোসেন বলেন, এ ব্যাপারে অনেক দিন ধরে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না। সড়ক ও জনপথ অধিদপ্তর বরিশালের উপসহকারী প্রকৌশলী মো. ছোলায়মান গতকাল মঙ্গলবার বলেন, নদীভাঙনের কারণে এর আগে একবার গ্যাংওয়ের সংযোগ সড়ক নির্মাণ করা হলেও তা আবার ভেঙে যায়। তাই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। নতুনভাবে ওই কাজ করার জন্য দুই মাস আগে দরপত্র আহ্বান করা হয়েছে। দু-এক দিনের মধ্যে কার্যাদেশ হয়ে যাবে।