গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে লুৎফুলের আবেদন খারিজ
গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক লুৎফুল কবিরের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। আদালত তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন। তবে লুৎফুল কবিরের জামিন বহাল রেখেছেন।
লুৎফুল কবিরের আবেদনের শুনানি নিয়ে ২০০৮ সালের ১৩ আগস্ট হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম স্থগিত ও তাঁর জামিন মঞ্জুর করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত তা খারিজ করে রায় দেন। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।
আদালতে লুৎফুল কবিরের পক্ষে আইনজীবী দেওয়ান আবু নাসের ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, অন্য আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর ওই মামলার কার্যক্রম চলবে কি না, তা বোঝা যাবে। তবে লুৎফুল কবিরের ক্ষেত্রে আলাদাভাবে মামলা চলতে বাধা নেই।
আইনজীবী সূত্র জানায়, ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর কাজ গ্যাটকোকে দেওয়ায় আর্থিক ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় ওই মামলা করে। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মতিউর রহমান নিজামী এ মামলার আসামি।