গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৮ জুলাই তারিখ ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
এর আগে খালেদা জিয়ার পক্ষে আদালতে হাজিরা দেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া। আগে ৫ এপ্রিল একই আদালতে আত্মসমর্পণ করে এই মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়া।
মামলার আসামি সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ বুধবার আদালতে হাজির হন। বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, এম কে আনোয়ার, শামসুল আলমের পক্ষে আজ সময় আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত ১৮ জুলাই আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন।
আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, এ মামলার পরবর্তী তারিখে যেসব আসামি উপস্থিত হবেন না, তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। তবে খালেদা জিয়া গত তারিখে আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানিতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, মামলার মোট আসামি ২৪ জন। এর মধ্যে তিনজন মারা গেছেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত।
আরও পড়ুন: