গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
ফাইল ছবি

গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য আগামী ১৩ মার্চ দিন ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ দিন ঠিক করেছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ রোববার এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তাই তাঁর আইনজীবী আদালতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ দেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুদক এ মামলা করে। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এই মামলার সাতজন আসামি মারা গেছেন। মামলার এখন আসামি আছেন ১৭ জন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার আট মাসের মাথায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০১৮ সালের ২৯ অক্টোবর সাত বছরের কারাদণ্ড দেন আদালত। ওই বছরের গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।