গ্যাটকো মামলায় অভিযোগের শুনানি ১২ এপ্রিল

গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানি আগামী ১২ এপ্রিল। দুই আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-৩–এর বিচারক আবু সৈয়দ দিলজার তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
আজ রোববার এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন অস্থায়ী ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
আজ খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন। আসামি তানভীর আহমেদ এবং গালিব হোসেনের পক্ষে এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ রয়েছে। তাই তাঁদের পক্ষ থেকে অভিযোগ গঠন বিষয়ে শুনানি মুলতবি রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুদক এ মামলা করেন। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।