গ্যাস, পানি ও বিদ্যুতের দাবিতে চট্টগ্রামে নগর বিএনপির স্মারকলিপি
গ্যাস, পানি ও বিদ্যুৎ-সংকট নিরসনের দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপি গতকাল রোববার স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলের নেতা-কর্মীরা।সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ব্যর্থ, অযোগ্য ও দুর্নীতিবাজ অভিহিত করে বলেন, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার জনগণের মৌলিক সমস্যাগুলোর দিকে দৃষ্টি না দিয়ে সংবিধান সংশোধনের নামে নাটক মঞ্চস্থ করার চেষ্টা চালাচ্ছে, যাতে শেখ হাসিনা চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারেন।স্মারকলিপিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী, আপনার সরকার ক্ষমতায় এসে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দেওয়ার নির্বাচনী ওয়াদা করেছিলেন। সেই ওয়াদা ভঙ্গ করে দেশের জনগণকে বর্তমানে হতাশায় নিমজ্জিত করেছেন আপনি। দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণের মৌলিক চাহিদার দিকে আপনার সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, বরং মানুষকে বোকা বানানোর জন্য নানা রূপকথার গল্প উপস্থাপন এখন আপনার সরকারের প্রধান কাজ।’গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, আবু সুফিয়ান, ভোলা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।