গ্যাস অনুসন্ধান পিছিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় তেল-গ্যাস অনুসন্ধান পিছিয়ে পড়েছে। সমুদ্রবক্ষ কিংবা স্থলভাগ—কোথাও পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধানকাজ এগোচ্ছে না।
এ পরিস্থিতির মধ্যেই সমুদ্রবক্ষের একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গুর আয়ু শেষ হয়ে যাওয়ায় এর উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি স্থানে অনুসন্ধান কূপ খনন বিঘ্নিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এসব কাজের জন্য উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সই করার প্রক্রিয়া বন্ধ রাখা এবং খননযন্ত্রসহ (রিগ) প্রয়োজনীয় যন্ত্রপাতি এক ক্ষেত্র থেকে অন্যত্র স্থানান্তরের সমস্যাই এর কারণ।
সূত্র জানায়, দেশের সমুদ্রসীমায় আবিষ্কৃত একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গু থেকে উত্তোলন সর্বনিম্ন পর্যায়ে (দৈনিক ৪০ লাখ ঘনফুট) নেমে যাওয়ায় প্রায় এক মাস আগে ক্ষেত্রটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ১৬ নম্বর ব্লকের এ ক্ষেত্রে ১৯৯৬ সালে উৎপাদন শুরু হয়েছিল।
এরপর সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধানে পিএসসি স্বাক্ষরের একাধিক উদ্যোগ নেওয়া হলেও এখনো কার্যকর কিছু হয়নি। সর্বশেষ পিএসসি সই হয় যুক্তরাষ্ট্রের কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে ২০১০ সালের নভেম্বরে, গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকের জন্য। কোম্পানিটি ওই দুই ব্লকের মোট দুই হাজার ৬৮০ লাইন বর্গকিলোমিটার এলাকায় গত বছরের ফেব্রুয়ারি ও মার্চে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। কিন্তু তাতে বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য মজুত পাওয়া যায়নি।
পরে আরও দুই দফায় সমুদ্রবক্ষের বিভিন্ন ব্লকের জন্য পিএসসি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে প্রথমবার অগভীর সমুদ্রের ৭ নম্বর ব্লকের জন্য কনোকোফিলিপসকে এবং ৪ ও ৯ নম্বর ব্লকের জন্য ভারতের ‘অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন (ওএনজিসি) বিদেশ’কে পিএসসি স্বাক্ষরের জন্য নির্বাচিত করা হয়। পিএসসি স্বাক্ষরের পর চলতি মৌসুমেই (অক্টোবর থেকে মার্চ) কোম্পানি দুটি জরিপ শুরু করবে বলে সরকারের পরিকল্পনা ছিল। কিন্তু এখনো পিএসসি স্বাক্ষরই করা যায়নি। জানতে চাইলে জ্বালানিসচিব মো. মোজাম্মেল হক খান বলেন, আপাতত পিএসসি সই হচ্ছে না।
দ্বিতীয়বার অগভীর সমুদ্রের ১১ নম্বর ব্লকে অনুসন্ধানের জন্য অস্ট্রেলীয় কোম্পানি স্যান্তোস ও সিঙ্গাপুরভিত্তিক ক্রিস এনার্জির যৌথ উদ্যোগের সঙ্গে পিএসসি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়টিও এখনো বেশি দূর এগোয়নি।
স্থলভাগে অনুসন্ধান: সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থলভাগের ১৩ নম্বর ব্লকে জালালাবাদ গ্যাসক্ষেত্রে (সিলেট মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা) ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের। কিন্তু তা বন্ধ রাখা হয়েছে।
রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের অনুসন্ধান কার্যক্রমও পিছিয়ে পড়েছে। চলতি মৌসুমের শুরুতে তাদের সুনেত্র গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু করার কথা ছিল। ডিসেম্বরের মধ্যে সেখানকার কাজ শেষ করে জানুয়ারিতে যাওয়ার কথা ভোলার শাহবাজপুর ক্ষেত্রে। কিন্তু সুনেত্র ক্ষেত্রেই কাজ শুরু করা যায়নি। পাশাপাশি মাদারীপুরে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপও শুরু করা যাচ্ছে না।
বাপেক্সের একাধিক অনুসন্ধান কূপ খননও পিছিয়ে পড়েছে। এর মধ্যে কৈলাসটিলা-৭ নম্বর কূপ থেকে তেল উত্তোলন শুরুর জন্য ডিসেম্বরের মধ্যে খনন শেষ করার পরিকল্পনা ছিল। এর পর অনুসন্ধান কূপ খনন শুরুর কথা ছিল ঢাকার পার্শ্ববর্তী রূপগঞ্জ ক্ষেত্রে। কিন্তু কোনোটিই হয়নি।
রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম যে ১০টি উত্তোলন কূপ খননের কাজ নিয়েছে, সেখানেও অগ্রগতি কম।