গ্যাস আইন ২০১০ পাস, বিডিআর বিচার দ্রুত করতে সংশোধন বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক গ্যাসের বিপণন, মজুদ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার বিধান করে গতকাল বুধবার জাতীয় সংসদে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ পাস হয়েছে। এ ছাড়া বিডিআর বিদ্রোহের দ্রুত বিচারের লক্ষ্যে সম্পূরক বিল হিসেবে বাংলাদেশ রাইফেল আদেশ (সংশোধন) বিল-২০১০ এবং জাহাজ ভাঙা ও পাহাড় কাটা বিধিবদ্ধ করতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) বিল-২০১০ উত্থাপিত হয়। বাংলাদেশ গ্যাস আইন-২০১০ বিলটি সংসদে উত্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাসের সঞ্চালন, বিপণন, বিতরণ, সরবরাহ ও মজুদকরণের ব্যবসা পরিচালনা, সময়মতো বিল আদায় নিশ্চিত করা এবং বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করতে আইনের প্রয়োজন। বিলে ব্যবহারের ওপর নির্ভর করে গ্রাহকদের নয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণীগুলো হলো—গৃহস্থালী, বাণিজ্যিক, শিল্প, মৌসুমি, সিএনজি, চা-বাগান, বিদ্যুৎ, সার এবং ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র।বিলে অবৈধ সংযোগ-সংক্রান্ত কয়েকটি অপরাধের জন্য জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে বাংলাদেশ রাইফেল আদেশ (সংশোধন) বিল-২০১০ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিডিআর বিদ্রোহের দ্রুত বিচার এই বিলের লক্ষ্য। দুই সপ্তাহ সময় দিয়ে এ বিলটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিদ্যমান আইন মতো শুধু মহাপরিচালককে প্রতিটি আদালতে বিচারকের দায়িত্ব পালন করতে হচ্ছে বলে এতে দীর্ঘ সময় লাগবে। তাই এই বিলে বিডিআরের পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের বিচারকের দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া জাহাজ ভাঙা ও পাহাড় কাটার ওপর বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) বিল-২০১০ উত্থাপন হয়। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বিলটি উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি এক মাসের সময় দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এ বিলে বলা হয়েছে, জাহাজ কাটা বা ভাঙার ফলে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বর্জ্যের মাধ্যমে পরিবেশগত দূষণ এবং স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হবে না—সে বিষয়টি জাহাজের মালিক, আমদানিকারক ও সংশ্লিষ্ট ইয়ার্ডকে নিশ্চিত করতে হবে। জলাধার হিসেবে চিহ্নিত কোনো জায়গা ভরাট বা কোনোভাবে এর শ্রেণী পরিবর্তন করা যাবে না। অপরিহার্য ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তা করা যাবে। এ ছাড়া সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় বা টিলা কাটা যাবে না। কেবল অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে তা কাটা যাবে। এসব শর্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।