খুলনার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পাইপলাইনে গ্যাস সরবরাহ। গ্যাস সরবরাহ শুরু হলে এ এলাকার শিল্পকারখানা থেকে শুরু করে সব ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। খুলনায় গ্যাস আসার ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করা হচ্ছে, আগামী বছরের মধ্যে গ্যাস পাওয়া যাবে।
খুলনার নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে গতকাল শনিবার এক নাগরিক সংলাপে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান এসব কথা বলেন।
প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত খুলনার উন্নয়ন ও পরিবেশ নিয়ে ‘জনগণের সাথে জনপ্রতিনিধির সংলাপ’ শীর্ষক এ সংলাপে সাংসদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানা প্রশ্নের উত্তর দেন।
সংগঠনের আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে ও আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন জনউদ্যোগের সদস্যসচিব মহেন্দ্র নাথ সেন, জাতীয় সঞ্চালন পরিষদ খুলনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সেলিম বুলবুল। উপস্থিত ছিলেন সুশীল সমাজ, সংবাদপত্রের প্রতিনিধি, সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।