বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি দেশে দ্রুত নতুন গ্যাস ও কয়লাক্ষেত্র উন্নয়নের পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।সভায় একই সঙ্গে দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য দরপত্র-প্রক্রিয়া ছাড়াই ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সরকারি পরিকল্পনাকে সময়োপযোগী বলে অভিহিত করা হয়েছে। এরই মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয় বলে সভাসূত্রে জানা গেছে।সূত্র জানায়, দেশে দীর্ঘদিন ধরে বিদ্যমান জ্বালানি-সংকট নিরসনে সরকারকে অবশ্যই দ্রুত দেশীয় জ্বালানি সম্পদ আহরণের পদক্ষেপ নিতে হবে। এর অংশ হিসেবে বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলো থেকে যেমন উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে, তেমনই নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের কাজও জোরদার করতে হবে।সভায় বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাসের পাশাপাশি কয়লা উত্তোলনের জন্য দ্রুত কার্যক্রম গ্রহণ করতে হবে। কারণ, কয়লাই হতে পারে কার্যকর বিকল্প জ্বালানি। কয়লা উত্তোলনের যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কয়লা নীতি দ্রুত চূড়ান্ত করারও সুপারিশ করে কমিটি।সভায় কমিটির সদস্যরা ছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।