গ্যাস ও কয়লার জাতীয় মালিকানা নিশ্চিত করার দাবি জাতীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গ্যাস ও কয়লা সম্পদে জাতীয় মালিকানা নিশ্চিত করার দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির নেতারা বলেছেন, শতভাগ গ্যাস ও কয়লা দেশের বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে। তাঁরা দেশের জ্বালানি সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন প্রণয়নের দাবি জানান। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান।সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যুৎকে গণসেবাভিত্তিক পণ্য হিসেবে বিবেচনা করে রাষ্ট্রীয় উদ্যোগে ও শুধু সম্পূরক হিসেবে বেসরকারি দেশীয় মালিকানায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নীতিমালা প্রণয়ন করা উচিত। এতে বেশি দামে বিদ্যুৎ কেনা ও বিদ্যুৎ খাতকে বহুজাতিক কোম্পানির হাতে জিম্মি করার বিদ্যমান নীতি থেকে দেশ মুক্ত হবে। এ ছাড়া ভাড়াভিত্তিক চুক্তি বাতিল করে রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্র চালু, মেরামত ও নবায়ন করার আহ্বান জানান তাঁরা।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাতীয় স্বার্থেই বাপেক্স, পেট্রোবাংলা, জিওলজিক্যাল সার্ভে ও ব্যুরো অব মিনারেল ডেভেলপমেন্টের যথাযথ উন্নয়ন এবং দ্রুত প্রস্তাবিত খনি বাংলাকে কার্যকর জাতীয় প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞ ও প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে খনিজ সম্পদ উন্নয়ন ও তার সর্বোত্তম ব্যবহারে জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠান স্থাপন করার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সৈয়দ আবুল মকসুদ, বিমল বিশ্বাস, নূর মোহাম্মদ, ম. ইনামুল হক, রুহিন হোসেন, বজলুর রশিদ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।