গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ
গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে মানিকগঞ্জে গতকাল সোমবার প্রচারপত্র বিতরণ করেছেন জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা সরকারের ‘গণবিরোধী’ এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্থানে পোস্টারও লাগিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিবালয় উপজেলার টেপড়া ও বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় দোকানদার, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মধ্যে ‘সচেতনতামূলক লিফলেট’ বিতরণ করা হয়। এ সময় নেতা-কর্মীরা আশপাশে পোস্টার লাগান। এরপর ঘিওর উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ড ও উপজেলা সদরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা।
এসব কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ কবির জিন্নাহ, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সত্যেনকান্ত পণ্ডিত ভোজন, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।