গ্যাস ও বিদ্যুতের দাবিতে ভোলায় মানববন্ধন
ভোলা শহরের দুই কিলোমিটার সড়কজুড়ে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। রমজানের আগে ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও নতুন বসানো লাইন দিয়ে গ্যাস সরবরাহের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয় ।গত শুক্রবার একই দাবিতে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ, ওজিপাডিকো অফিস ঘেরাও ও ভাঙচুর করেছে স্থানীয় লোকজন।গতকাল বেলা ১১টায় ভোলার নাগরিক সমাজের আহ্বানে ভোলা শহরের সদর রোড, নতুন বাজার, যুগীরঘোলা ও ভোলা কলেজে মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের কর্মী, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। শেষে প্রতিবাদ সভায় বক্তারা ভোলা শহরে দ্রুত গ্যাস সরবরাহের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন। বক্তারা বলেন, ভোলায় লো-ভোল্টেজের কারণে ফ্রিজ, টিভি ও ফ্যান নষ্ট হচ্ছে। এখানে প্রতিদিন চাহিদা ২০ মেগাওয়াট হলেও মাত্র ছয়-সাত মেগাওয়াট সরবরাহ করা হয়।