নতুন শিল্পকারখানার জন্য গ্যাসসংযোগ না পাওয়া এবং অব্যাহত লোডশেডিংয়ের কারণে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সিলেট বিসিকের শিল্প উদ্যোক্তারা। গতকাল সোমবার দুপুরে ‘গোটাটিকর বিসিক শিল্পমালিক সমিতি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
শিল্পমালিকদের অভিযোগ, গ্যাসসংযোগের অভাবে নতুন প্রতিষ্ঠানগুলো উৎপাদনে যেতে পারছে না এবং লোডশেডিংয়ের কারণে তাঁদের উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে তাঁরা শিগগিরই আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
বিসিকের ফিজা টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিক শিল্পমালিক সমিতির সাধারণ সম্পাদক আলীমুল এহসান চৌধুরী। এ সময় মালিক সমিতির সভাপতি কাজী মঈনুল ইসলামসহ বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানার মালিকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিসিকে ৬২টি শিল্পকারখানা আছে। সেখানে প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।