গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের মধ্যে একটি সমন্বয়ের তাগিদ দিয়েছেন শিল্পকারখানার মালিকেরা। তা না হলে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়। আর এতে বড় ধরনের ক্ষতি পোহাতে হয় ব্যবসায়ীদের। তা ছাড়া বর্তমান গ্যাস সরবরাহের সময়সীমা কমিয়ে আনার বিষয়টিও বিবেচনা করে দেখা দরকার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এই মতবিনিময় সভায় বক্তারা এই কথা বলেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম চেম্বার এই সভার আয়োজন করে। গতকাল সকালে চট্টগ্রামের স্টিল রি-রোলিং মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন করে গ্যাস সরবরাহ বন্ধ রাখাসহ গ্যাস ও বিদ্যুৎসংকট নিরসনের লক্ষ্যে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ (পিডিবি) বিভিন্ন সুবিধাভোগীর (স্টেকহোল্ডার) সমন্বয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তারা অংশ নেন।চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জামিল আহমেদ আলীম, পিডিবির প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী উদয় শংকর দত্ত, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি মির্জা আবু মনসুর, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ বক্তৃতা করেন।কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জামিল আহমেদ আলীম বলেন, জাতীয় গ্রিড, সাঙ্গু, সেমুতাং কূপ থেকে সর্বমোট ২০০ এমএমসিএফডি গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে। সরকার জরুরি ভিত্তিতে সার উৎপাদনের লক্ষ্যে সিইউএফএল ও কাফকো সার কারখানা চালু করায় সিংহভাগ গ্যাস সেই দুই কারখানায় সরবরাহ দেওয়া হচ্ছে। ডিসেম্বরের পর থেকে গ্যাসসংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী উদয় শংকর দত্ত বলেন, ২০০৫ সাল থেকে নতুন কোনো প্রকল্প গ্রহণ না করায় প্রায় চার হাজার ট্রান্সফরমারের সবগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। গ্যাস পেলে চট্টগ্রামের চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে। মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, দেশে গ্যাসের সর্বমোট উৎপাদন এক হাজার ৭৫০ এমএমসিএফডি হওয়ার পর চট্টগ্রামে ২২০ এমএমসিএফডি সরবরাহ করা হতো। বর্তমানে উৎপাদন বেড়ে দুই হাজার ২৫০ এমএমসিএফডিতে উন্নীত হওয়া সত্ত্বেও চট্টগ্রামে মাত্র ১৮০ থেকে ২০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে। বর্তমান গ্যাসসংকটের কারণে লৌহজাতসহ শিল্পগুলোয় বিপুল পরিমাণ বিনিয়োগের বিপরীতে উৎপাদন বন্ধ থাকা, অর্জিত সুনাম নষ্ট হওয়া, মার্কেট শেয়ার হারানোসহ কর্মচারীদের বেতন-ভাতা ও ব্যাংক ঋণের দায়ভার বহন করতে হচ্ছে। চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম সরকারের কাছ থেকে দাবি আদায়ের ক্ষেত্রে কেজিডিসিএলকে চেম্বার থেকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন। চেম্বারের সাবেক সভাপতি মির্জা আবু মনসুর বলেন, সরকারি নীতিমালার কারণে অনেক শিল্প রুগ্ণ হয়ে যাচ্ছে। তিনি জাতীয় পর্যায়ে এসব সমস্যার স্থায়ী সমাধানের পরামর্শ দেন।