দেশের তেল-গ্যস অনুসন্ধান, উত্তোলন ও বিতরণের অবকাঠামো নির্মাণে রাশিয়ার বিশ্বখ্যাত তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি ‘গ্যাসপ্রম’-এর সহযোগিতা চেয়েছে সরকার। ২৬ ডিসেম্বর থেকে পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসা গ্যাসপ্রমের একটি প্রতিনিধিদলের সঙ্গে জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, গ্যাসপ্রমের প্রতিনিধিদলটি আজ বুধবার তিতাস গ্যাসক্ষেত্র পরিদর্শন করবে। ওই ক্ষেত্রটির গ্যাস উদিগরণ রোধেও তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের কাচালং, সীতাপাহাড়, পটিয়া ও জালদি ভূ-কাঠামোতে বাপেক্সের সঙ্গে যৌথভাবে তেল-গ্যাস অনুসন্ধান, দেশের বিদ্যমান ক্ষেত্রগুলোতে পাঁচটি উন্নয়ন কূপ খনন, দুটি গ্যাস প্রক্রিয়াকরণ (প্রোসেস) প্লান্ট ও দুটি কম্প্রেসর স্থাপন এবং মহেশখালী থেকে চট্টগ্রাম ও জালালাবাদ থেকে বিবিয়ানা হয়ে ধুনট পর্যন্ত ১৯০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের বিষয়ে গ্যাসপ্রমের সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের শেষার্ধে গ্যাসপ্রমের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন। তখন এসব বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা হতে পারে। আর চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরের (সম্ভাব্য আগামী মার্চ মাসে) সময়।উপরিউক্ত চারটি ভূ-কাঠামোতে তেল-গ্যাস অনুসন্ধানের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক বলেন, এটি একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা। গ্যাসপ্রম ছাড়া এ বিষয়ে চীনের সিনোক ও সিনোপেক, থাইল্যান্ডের পিটেপ, মালয়েশিয়ার পেট্রোনাস ও ভারতের ওএনজিসির কাছেও একই প্রস্তাব দেওয়া হয়েছে।