গ্যাস চুক্তিগুলো 'দুর্নীতিমূলক'
বঙ্গোপসাগরের গ্যাস ব্লকগুলো নিয়ে বিদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের করা উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) সমালোচনা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে চুক্তিগুলোকে ‘দুর্নীতিমূলক’ উল্লেখ করে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বঙ্গোপসাগরের গ্যাসসম্পদ বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানির প্রধান অবলম্বন। অথচ একের পর এক চুক্তি করে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে। বিদেশি কোম্পানিকে এসব সুবিধা দেওয়ার ফলে নিজ দেশের গ্যাস বাংলাদেশের কোনো কাজে লাগবে না বরং অর্থনীতিতে বোঝা হয়ে যাবে। এটা আত্মঘাতী ও সর্বনাশা সিদ্ধান্ত।
বিবৃতিতে বলা হয়, পুঁজির অভাবের কথা বলে এসব চুক্তি করা হচ্ছে অথচ পাঁচ বছরে মাত্র ২৩৫ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতিতে অস্ট্রেলিয়ার সান্টোস ও সিঙ্গাপুরের কৃশ এনার্জি সাগরের ১১ নম্বর ব্লকের ওপর কর্তৃত্ব পেয়েছে। এর ফলে কেবল গ্যাসসম্পদ বিদেশিদের হাতে চলে যাচ্ছে তাই নয়, বিদ্যুৎ ও শিল্পায়নের জন্য গ্যাসসম্পদ কাজে লাগানোর সুযোগ বিপর্যস্ত হয়ে যাচ্ছে।
এ ধরনের চুক্তি কমিশনভোগী ও জাতীয় স্বার্থবিরোধী শক্তি ছাড়া কারও পক্ষে করা সম্ভব নয়। বিজ্ঞপ্তি।