গ্যাস চুরি করায় এক ব্যক্তির কারাদণ্ড
চট্টগ্রামে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ২২টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার নগরের ইপিজেড থানাধীন ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মনসুর। এ সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক হাসান সোহরাব উপস্থিত ছিলেন।
নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মনসুর প্রথম আলোকে জানান, ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ রোড এলাকায় মো. মহিউদ্দিন নামের এক ব্যক্তির মালিকানাধীন কয়েকটি ভবনে অবৈধভাবে ২২টি গ্যাস সংযোগ নেওয়া হয়। ২০১১ সাল থেকে এভাবে গ্যাস চুরি করা হচ্ছিল। অভিযান চালিয়ে মাটির প্রায় সাড়ে পাঁচ ফুট গভীর থেকে অবৈধ লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় মালিককে পাওয়া যায়নি। তবে নূর আলম নামের একজন তত্ত্বাবধায়ক সেখানে উপস্থিত ছিলেন। নূর আলম এই অবৈধ সংযোগের দেখভাল করতেন। এ কারণে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপক হাসান সোহরাব জানান, ভবনের মালিকের বিরুদ্ধে গ্যাস আইনে মামলা ও ক্ষতিপূরণ আদায় করা হবে।