গ্যাস চুরিতে জড়িত ২ কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিতরণ লাইন বসিয়ে সংযোগ দেওয়ার মাধ্যমে গ্যাস চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের বরখাস্তের অফিস আদেশ জারি করা হয়।

তিতাসের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, এই দুই কর্মচারী হচ্ছেন খোরশেদ পাটোয়ারী ও আবদুর রহিম মৃধা। তাঁরা গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন বসানোর সঙ্গে জড়িত ছিলেন। প্রায় তিন মাস আগে অভিযোগ পাওয়ার পর তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
তিতাসের কর্মকর্তারা জানান, একই অভিযোগে আরও প্রায় ১০ জনকে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে তাঁদেরও চাকরি থেকে বরখাস্ত করা হবে।
সরকার গ্যাসসংযোগ চালু করলেও নতুন বিতরণ লাইন বসানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে একশ্রেণীর গ্রাহক তিতাসের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় অবৈধভাবে নিম্নমানের ও বিপজ্জনক বিতরণ লাইন বসিয়ে গ্যাসসংযোগ নিয়েছেন।
পেট্রোবাংলার হিসাব অনুযায়ী এ রকম অবৈধ বিতরণ লাইন বসানো হয়েছে প্রায় ২০০ কিলোমিটার। গত ১৬ ফেব্রুয়ারি থেকে সরকার এসব লাইন অপসারণের অভিযান শুরু করে। বিভিন্ন স্থানে প্রায় ৩৫ কিলোমিটার লাইন অপসারণও করা হয়। কিন্তু তারপর এ অভিযান বন্ধ রাখা হয়েছে।
ইতিমধ্যে অপসারণ করা অনেক লাইন আবার বসানো হয়েছে বলেও অনেক জায়গা থেকে অভিযোগ পাওয়া গেছে।