গ্যাস-তেলের পাইপলাইন উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহপুর এলাকায় বন বিভাগের শাহপুর বিটের পেছনের জিদ্দাছড়া থেকে বালু তোলা হচ্ছে। এতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) তেল ও গ্যাসের পাইপলাইন উন্মুক্ত হয়ে পড়েছে।বালু তোলার কারণে একটি সেতু দেবে গেছে। এতে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই কারণে হুমকির মুখে পড়েছে রেলওয়ের একটি সেতু।শাহজীবাজার রাবার বাগানের ব্যবস্থাপক প্রভাত চন্দ্র দত্ত প্রথম আলোকে বলেন, মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের উসমান মিয়া দীর্ঘদিন ধরে বালু তুলে আসছেন। গত ২৩ মে তাঁর নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি রাবার বাগানের কর্মীদের বাধা উপেক্ষা করে শাহজীবাজার রাবার বাগানের ভেতরে শাহপুর ক্যাম্প-সংলগ্ন ছড়া থেকে জোর করে বালু তোলেন। এতে ছড়ার পাড় ভেঙে রাবারগাছ পড়ে যাওয়ার ঝুঁকির মধ্যে পড়েছে। এ ঘটনায় গত ২৩ মে প্রভাত চন্দ্র দত্ত মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে উসমান মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।সম্প্রতি রাবার বাগানের মহাব্যবস্থাপক আবদুল হালিম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন, বালু উত্তোলনকারীরা রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ভূমি থেকেও বালু তুলছেন।এলাকাবাসী জানান, বালু তোলার ফলে জেলা পরিষদের শাহজীবাজার-জগদীশপুর সড়কের ছড়ার ওপর নির্মিত সেতুটি দেবে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ওই সেতুর পাশেই সিলেট-আখাউড়া সেকশনের অপর একটি রেলওয়ে সেতু দেবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।মাধবপুর উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো সুশীল চাকমা প্রথম আলোকে বলেন, ‘ওই ছড়া চলতি বছরের জন্য মাধবপুরের সাহা ব্রাদার্সের স্বত্বাধিকারী পংকজ সাহাকে ইজারা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, তবে ইজারা দেওয়া এলাকার মধ্যে রাবার বাগান পড়েনি।পংকজ সাহা বলেন, রাবার বাগান থেকে বালু তোলা হয়নি। এ ছাড়া রেলওয়ে সেতুর ১০০ ফুট দূর থেকে এখন বালু তোলা হচ্ছে।মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা সাহিদুল হক প্রথম আলোকে বলেন, বন বিভাগের ভূমি থেকে বালু তোলার বিষয়টি তিনি লিখিতভাবে জেলা প্রশাসককে জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে তিনি কথা বলেছেন। ইউএনও কিছুদিনের মধ্যে সীমানা নির্ধারণ করে দেবেন।ইউএনও শারমিন জাহান বলেন, ছড়াটি এবার ইজারা দেওয়া হয়েছে। তবে বালু তোলার ফলে যদি সরকারি কোনো স্থাপনার ক্ষতি হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।