গ্যাস না থাকায় খাবারের দোকানে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেট্রোরেল প্রকল্পের কাজের কারণে রাজধানীর মিরপুরসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস। একই কারণে মিরপুরের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
মেট্রোরেল প্রকল্পের কাজের কারণে রাজধানীর মিরপুরসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস। একই কারণে মিরপুরের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

গ্যাস না থাকায় মিরপুরে ব্যাপক দুর্ভোগ পোহিয়েছেন রাজধানীর মিরপুরের বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে সেখানকার রেস্তোরাঁগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মিরপুরের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, রাত আটটায় গ্যাস আসার কথা ছিল। কিন্তু রাত ১০ টায়ও গ্যাস আসেনি।

রাত ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১০ ও ৬ নম্বরের খাবারের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। ১০ নম্বরে নান্না বিরিয়ানি হাউসে সন্তানদের নিয়ে খাবার কিনতে এসেছিলেন শাহানা ইসলাম। তিনি বলেন, গ্যাস না থাকায় তাঁর বাড়িতে কোনো রান্না হয়নি। তাঁরা শুনেছিলেন রাত ৮টায় গ্যাস আসবে। কিন্তু ১০ পর্যন্তও গ্যাস আসেনি।

আবার খাবো ফুড অ্যান্ড বিরিয়ানি হাউসের এক কর্মী জানান, সারা দিন মিরপুর এলাকায় গ্যাস না থাকায় দুপুরেও উপচে পড়া ভিড়। তবে রাতে যে অবস্থা, তাতে সর্বোচ্চ ১০ মিনিট খাবার থাকবে।

মিরপুর-৬ এ রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রাত ১০টার দিকে তোলা ছবি: গোলাম মর্তুজা
মিরপুর-৬ এ রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রাত ১০টার দিকে তোলা ছবি: গোলাম মর্তুজা

তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ঢাকার মিরপুর ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মেট্রোরেলের নির্মাণকাজের জন্য মিরপুর ও আগারগাঁও এলাকায় গ্যাসের লাইন শিপমেন্ট করা হবে। এ কারণে ওই সময়ে গ্যাস সংযোগ সাময়িক বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে মিরপুর-১০-এর পূর্ব ও পশ্চিম পাশ, আগারগাঁও রোড, মনিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, আগারগাঁও, সেনপাড়া, ইব্রাহীমপুর, কচুক্ষেত থেকে ভাসানটেক, উত্তর কাফরুল, তালতলা, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, আহমদনগর, পাইকপাড়া, শিয়ালবাড়ী, রূপনগর, আরামবাগ, ইস্টার্ন হাউজিং, মিরপুর ক্যান্টনমেন্ট এবং আশেপাশের এলাকা।