গ্যাস পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টার-বাড়ি বাজারে তিতাস গ্যাসের পাইপলাইনে আগুন লাগার ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনাটিতে দুজন মারা গেলেন। তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তি হলেন ওই বাজারের বিউটি ফার্মেসির মালিক ও পল্লি চিকিৎসক মো. মোস্তফা জামান (৪৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত তিনটার দিকে মোস্তফা মারা যান। গত শুক্রবার ভোরে একই হাসপাতালে মারা যান ওই ফার্মেসির কর্মচারী আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে সম্প্রসারণ করার কাজে এক্সকাভেটর দিয়ে মাটি খননের সময় গ্যাসের পাইপলাইনটি ফেটে যায়। এ সময় নির্গত হওয়া গ্যাসে আগুন লেগে নিকটবর্তী ছোট-বড় অর্ধশতাধিক দোকান, দুটি বাড়ি ও একটি মসজিদ পুড়ে যায়। আগুনে দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
মোস্তফার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ওসি মোহসীন উল কাদির।