গ্যাস পাইপে বিস্ফোরণ তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারীর যদুনাথ বসাক লেনের একটি বাড়িতে গত বৃহস্পতিবার রাতে গ্যাসের পাইপ বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন (৬০), তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৪২) ও মেয়ে শারমিন আলম সাবিনা (২১)। বিস্ফোরণের কারণে ওই বাড়ির দেয়াল ভেঙে পাশের টিনশেড বাড়িতে পড়লে তিনজন আহত হন।
দগ্ধ আলমগীরের শ্যালক আবদুস সাত্তার বলেন, ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন আলমগীরের পরিবার। বৃহস্পতিবার রাতে পানি গরম করার জন্য চুলায় আগুন ধরাতে যান হোসনে আরা বেগম। এ সময় হঠাৎ করে গ্যাসের পাইপে বিস্ফোরণ হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ওই বাসার গ্যাসলাইনের পাইপে সম্ভবত ফুটো ছিল। এ কারণে আগুন ধরানোর সময় বিস্ফোরণ হয়।