গ্যাস পাইপে বিস্ফোরণ, প্রকৌশলীসহ দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকলের বয়লারের একটি গ্যাস (বাষ্পীয়) পাইপের সংযোগস্থলে বিস্ফোরণ ঘটে উপসহকারী প্রকৌশলীসহ চারজন গরম পানি ও বাষ্পে ঝলসে গেছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত উপসহকারী প্রকৌশলী শাহজাহান কিবরিয়া (৩১) ও ফায়ারম্যান নাজমুল হকের (৩০) অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট হাসপাতাল থেকে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ফিডারম্যান লুৎফর রহমান (২৮) জয়পুরহাট হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। আর আহত শ্রমিক আবদুল হান্নান হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জয়পুরহাট চিনিকল ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর জয়পুরহাট চিনিকলে চলতি মৌসুমে আখমাড়াই শুরুর লক্ষ্যে ২২ দিন আগে কর্তৃপক্ষ মিলটি চালু করে। প্রকৃতপক্ষে আখমাড়াই শুরুর অন্তত এক মাস আগে মিল চালু করতে হয়। এ অবস্থায় গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ বিকট শব্দে চিনিকলের বয়লারের একটি গ্যাস পাইপের সংযোগস্থলের নিরাপত্তা ভাল্বে বিস্ফোরিত হয়। এ সময় সেখানে কর্মরত অবস্থায় পাইপের গরম পানি ও বাষ্পে প্রকৌশলীসহ ওই তিনজনের শরীর ঝলসে যায়।

মিলে কর্মরত শ্রমিক ইয়াছিন আলী ও আবদুর রহমান বলেন, তাঁরা সেখানে কর্মরত থাকা অবস্থায় হঠাৎ করেই সেফটি ভাল্বটি বিস্ফোরিত হয়। জয়পুরহাট সদর থানার উপসহকারী পরিদর্শক মো. রায়হান বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উৎসুক জনতা ভিড় জমায়। ফায়ার সার্ভিসও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ হোসেন বলেন, চিনিকলের উপসহকারী প্রকৌশলী শাহজাহান কিবরিয়া ও ফায়ারম্যান নাজমুল হকের শরীরের ১৮ থেকে ২০ ভাগ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল বলেন, ৯ ডিসেম্বর আখমাড়াই মৌসুম শুরুর লক্ষ্যে ২২ দিন আগে চিনিকলটি চালু করা হয়। এ অবস্থায় হঠাৎ করে ওই দুর্ঘটনা ঘটে। তবে দু-এক দিনের মধ্যেই পাইপ মেরামত করে পুনরায় চিনিকল চালু করা হবে। এ ঘটনায় মাড়াই মৌসুমে কোনো প্রভাব পড়বে না।