গ্যাস-পানির দাবিতে অধ্যক্ষকেঅবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-পানিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষকে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রীরা। এ সময় তাঁরা অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেন।

বিক্ষুব্ধ ছাত্রীরা অভিযোগ করেন, কলেজের তিনটি হোস্টেলে ১৫ দিন ধরে পানির তীব্র সংকট চলছে। নিয়মিত গ্যাসও থাকে না। এ ছাড়া যেসব ছাত্রী বাইরে থেকে কলেজে আসেন, তাঁদের যাতায়াতের জন্য কোনো পরিবহনব্যবস্থা নেই।

ছাত্রীদের অভিযোগ, এসব সমস্যার কথা বিভিন্ন সময় অধ্যক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ছাত্রীরা অধ্যক্ষের কার্যালয়সহ কলেজের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে দেন। বিক্ষুব্ধ ছাত্রীরা এ সময় অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেন।

গতকাল রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অধ্যক্ষ অবরুদ্ধ ছিলেন। ছাত্রীরা ঘোষণা দিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষ হলে এসে সমস্যা সমাধানের আশ্বাস না দিলে তাঁরা অবরোধ তুলবেন না।

কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কথা বলার মতো অবস্থায় নেই।’