গ্যাস ফিল্ডস কোম্পানির কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের বাছাই করা ১৪৩ জন প্রার্থী চাকরির নিয়োগপত্রের দাবিতে গতকাল বুধবার কোম্পানির প্রধান কার্যালয় ঘেরাও এবং কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের ব্যানারে তাঁরা এই কর্মসূচি পালন করেন।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল আটটার দিকে বিক্ষোভকারীরা ওই মহাসড়কের বিরাসার এলাকায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এ সময় এই সড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ভেতরেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে ঢুকতে দেননি।পরে দুপুর ১২টার দিকে নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও পৌর মেয়র হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী তিন সপ্তাহের মধ্যে নিয়োগ বিবেচনার আশ্বাস দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।গত বছরের ৮ এপ্রিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির তিন পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ১৪৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এ অবস্থায় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে সংসদীয় কমিটি তা তদন্ত করে। পরে তৎকালীন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম ও মহাব্যবস্থাপক (মানবসম্পদ উন্নয়ন বিভাগ) মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়। এর পর থেকেই ওই ১৪৩ জন প্রার্থী আন্দোলন করছেন।