গ্যাস বন্ধের তথ্য না জানায় ভোগান্তিতে মিরপুরবাসী
সকাল নয়টায় মেয়েকে স্কুলে পৌঁছে দেন রেহানা বেগম। রিকশায় ফিরতে ফিরতেই দুপুরে খাওয়ার জন্য কী রান্না করবেন, তা ভেবে নিলেন। রুই মাছ, লাল শাক ভাজি ও চিংড়ি দিয়ে কাঁকরোলের তরকারি। বাসায় এসে ফ্রিজ থেকে মাছ নামিয়ে, শাক-তরকারি কোটা-বাছা করে রান্না চাপাতে গিয়ে দেখেন গ্যাস নেই।
বার কয়েক চুলার চাবি চালু-বন্ধ করলেও অবস্থার কোনো পরিবর্তন হলো না। পাশের ফ্ল্যাটে ঢুঁ মারেন। সেখানেও গ্যাস নেই। ফোন দেন বাড়িওয়ালাকে। তাঁর ঘরেও গ্যাস নেই। ভাড়াটেকে তিনি গ্যাস না থাকার কারণও জানাতে পারেননি।
ঘটনাটি মিরপুরের সেনপাড়ার। গ্যাস বন্ধ থাকায় শুধু রেহানা বেগম নন, মিরপুর ১০ নম্বর, রূপনগর, কাজীপাড়া, সেনপাড়া, শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও এলাকায় এমন ভোগান্তির শিকার হয়েছেন অনেকেই।
অভিযোগ শুনে তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্র-উত্তর) এনামুল হক বলেন, মেট্রোরেলের প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষামূলক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।
এই প্রতিবেদক মিরপুরের অন্তত ১৩টি পরিবারের সঙ্গে কথা বলেছেন। একজন বাদে সবাই বলেছেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে কোনো মাইকিং তাঁদের কানে আসেনি।
এসব ভুক্তভোগীর অভিযোগ, আগে থেকে জানতে পারলে ভোগান্তির পরিমাণ কম হতো। কেউ কেউ বলেছেন, জানতে পারলে আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিতেন তাঁরা। কেউ বলেছেন, ভোরে উঠে রান্নাটা সেরে রাখা যেত।
এ বিষয়ে তিতাসের জনসংযোগ কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, সংসদ ভবন এলাকা থেকে মিরপুরের শেষ মাথা পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণের ৬০টি ভাল্ব আছে। সেগুলোর একটি একটি করে বন্ধ করে পরীক্ষা চালানো হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে মাইকিংয়ে সীমাবদ্ধ ছিল।
ওয়াহিদুজ্জামান বলেন, একটি এলাকায় সর্বোচ্চ এক থেকে দেড় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা। তাই পত্রিকায় বা টেলিভিশনে বিষয়টি প্রচার করা হয়নি।
রাজধানীর বেশির ভাগ মানুষ জীবিকার তাগিদে দিনের বেলায় বাসায় থাকেন না। সে ক্ষেত্রে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে মাইকিং যথেষ্ট নয় বলে স্বীকার করেন এই কর্মকর্তা।
পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা আসমা সুলতানার শাশুড়ি অসুস্থ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাইরের খাবার খাওয়া নিষেধ। শেষ পর্যন্ত তাঁকে রেস্তোরাঁ থেকে খাবার কিনে এনে শাশুড়িকে খাওয়াতে হলো। রেহানা বেগমের পরিবারও খাবার কিনে খেয়েছে। কেউ অপেক্ষা করেছেন গ্যাস আসার জন্য। তবে পানি কিনতে সজীব রহমানের ৯০ টাকা খরচ হওয়ায় মহাবিরক্ত তিনি।
গ্যাস না থাকার সুযোগে রেস্তোরাঁর মালিকেরা খাবারের দাম বেশি রাখেন বলে অভিযোগ কয়েকজনের। বেশি ঝামেলায় পড়েন সাত্তার মিয়া। সীমিত আয় তাঁর। বাড়তি খরচের সুযোগ নেই। তাঁর পরিবারে সদস্যসংখ্যা ৭। গ্যাস না থাকায় গতকাল খাবারের পেছনে তাঁর খরচ হয়েছে ৪৭০ টাকা। সাতজনের জন্য হোটেল থেকে ভাত, ডাল, ভাজি কিনেছেন তিনি।
তবে দুপুরের পর যোগাযোগ করে জানা গেল, বেলা দুইটার পর থেকে গ্যাস আসতে শুরু করেছে। সেনপাড়ায় গ্যাস এসেছে বেলা আড়াইটার পর। শেওড়াপাড়ায়ও কাছাকাছি সময়ে। আস্তে আস্তে অন্য এলাকায়ও এসেছে গ্যাস। তবে তখন দুপুরের খাবারের সময় গড়িয়ে গেছে।