দেশের ছয়টি গ্যাস বিতরণকারী কোম্পানির মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিনটি কোম্পানির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই তিনটির একটি কোম্পানিরও পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) নেই। বরং ‘সিস্টেম গেইন’ আছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুনানির অপেক্ষাধীন অন্য তিনটি কোম্পানিরও সিস্টেম লস নেই। আছে সিস্টেম গেইন।
গ্যাস, বিদ্যুৎ, পানি বিতরণকারী সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর সিস্টেম লস কারিগরি কারণেই একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত স্বাভাবিক। শত শত কিলোমিটার পাইপ লাইন, তার, বিভিন্ন পর্যায়ে অনেক রকম মিটার, ট্রান্সফরমার প্রভৃতির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় সারা বিশ্বেই এই সিস্টেম লস স্বীকৃত ও গ্রহণযোগ্য। কিন্তু সিস্টেম গেইন অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য।
কিন্তু দেশের গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো সেই অস্বাভাবিকতাকেই স্বাভাবিক করে তুলেছে। এর মাধ্যমে আসলে তারা প্রতিনিয়ত গ্রাহকদের প্রতারিত করছে। গণশুনানিতে অনেক গ্রাহক, ভোক্তা প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বিষয়টি তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, মূলত দুভাবে কোম্পানিগুলো গ্রাহক প্রতারণা করে সিস্টেম গেইন করছে। প্রথমত, লাইনে চাপ কম থাকায় শিল্প-বাণিজ্য খাতের গ্রাহকেরা গ্যাস পাচ্ছেন কম। কিন্তু সেকেলে মিটারের (ভলিউমেট্রিক) কারণে গ্রাহকের কম গ্যাস পাওয়ার বিষয়টি ধরা পড়ে না। ফলে গ্যাসের বিল কোম্পানিগুলো ঠিকমতোই পায়।
দ্বিতীয়ত, আবাসিক গ্রাহকেরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করবেন বলে হিসাব করে কোম্পানিগুলো দাম নির্ধারণ করেছে, আসলে আবাসিক গ্রাহকেরা তার চেয়ে কম গ্যাস ব্যবহার করেন। যেমন কোম্পানিগুলো দুই চুলার একজন গ্রাহক প্রতি মাসে ৯২ ঘনমিটার গ্যাস ব্যবহার করবেন বলে ধরে নিয়ে বিল নির্ধারণ করেন। কিন্তু গ্রাহক গ্যাস ব্যবহার করেন তার চেয়ে কম। ফলে সিস্টেম গেইন হয়।
এই সিস্টেম গেইন এবং বর্তমান হারে বিল নিয়ে প্রতিটি বিতরণ কোম্পানি লাভজনক অবস্থায় আছে। এ কারণে গ্যাসের দাম বাড়ানোর কোনো যুক্তি থাকতে পারে না বলে গ্রাহক প্রতিনিধিরা গণশুনানিতে বলে আসছেন। তবে কোম্পানিগুলোর বড় যুক্তি হচ্ছে বেতন কমিশন বাস্তবায়িত হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রায় শতভাগ বেড়েছে। এ কারণে কিছুটা হলেও গ্যাসের দাম বাড়ানো অথবা ওই দাম থেকে যে অংশটি কোম্পানিগুলো পায় (ডিস্ট্রিবিউশন মার্জিন) তার হার বাড়ানো দরকার।
গতকাল বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর অনুষ্ঠিত গণশুনানিতেই এসব যুক্তি-তর্ক হয়েছে। এখনো কর্ণফুলী, জালালাবাদ ও সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানির প্রস্তাব শুনানির অপেক্ষায় আছে। এ ছাড়া পেট্রোবাংলাসহ গ্যাস উৎপাদনকারী কোম্পানিগুলোর প্রস্তাবের ওপরও শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।
গতকাল পর্যন্ত তিতাস, পশ্চিমাঞ্চল ও বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর শুনানি হয়েছে।