গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবি স্কপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একই সঙ্গে বাজারদরের সঙ্গে সংগতি রেখে জাতীয় নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে স্কপের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
শ্রমিকনেতা মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ঘোষণাপত্র পড়েন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান।
ঘোষণাপত্রে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়ায় এমনিতেই শ্রমিক-কর্মচারী তথা নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এই মুহূর্তে আবার গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা। এই মূল্যবৃদ্ধির ফলে বাড়িভাড়া, গাড়িভাড়া ইত্যাদি যেমন প্রত্যক্ষভাবে জনজীবনে তাৎক্ষণিক সংকট সৃষ্টি করবে, তেমনি উৎপাদনের ওপর এর প্রভাবের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে জনজীবনের সংকটকে গভীর থেকে গভীরতর করবে। বিজ্ঞপ্তি।