গ্যাস-বিদ্যুতের দাম না বাড়িয়ে বরং কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছেন রপ্তানিকারকেরা। তাঁরা দাম না বাড়িয়ে উল্টো কমানোর দাবি জানিয়েছেন।

আজ শনিবার রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) গণমাধ্যমের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানিমুখী প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার অন্যতম দুটি প্রধান উপাদান হলো গ্যাস ও বিদ্যুৎ। এই দুই উপাদানের মূল্য বৃদ্ধি রপ্তানি খাতের সার্বিক উৎপাদন খরচের ওপর প্রভাব ফেলবে। এতে উৎপাদন খরচ বেড়ে যাবে। রপ্তানি প্রবৃদ্ধি আরও কষ্টসাধ্য হবে। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়তে হবে। ফলে তা সার্বিক রপ্তানি খাতের ওপর বিরূপ প্রভাব ফেলবে।
বিজ্ঞপ্তিতে বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলা হয়েছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ব্যারেল প্রতি ১১৪ ডলার থেকে নেমে ৩৯ ডলারে দাঁড়িয়েছে। তাই প্রতিযোগী দেশগুলো বিশেষ করে চীন, ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া একাধিকবার জ্বালানি খাতের দাম কমিয়েছে। চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ডলারের বিপরীতে তাদের মুদ্রার অবমূল্যায়ন করেছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ তার ব্যতিক্রম এবং টাকা অতি মূল্যায়িত হয়ে আছে। ফলে রপ্তানি সংশ্লিষ্ট সকল খাত কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দর পতনের কারণে বাংলাদেশে জ্বালানি সংশ্লিষ্ট বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়নি। তাই গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির পরিবর্তে দাম কমানো উচিত।

গত ২৮ আগস্ট গ্যাসের মূল্য ২৬ দশমিক ২৯ শতাংশ ও বিদ্যুতের মূল্য ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়।