গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোয় জাপার ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জাতীয় পার্টি। তারা গ্যাস ও বিদ্যুতের দাম আগের অবস্থায় নিয়ে যাওয়ারও দাবি জানিয়েছে। 

আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বের পর বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সাংসদেরা ওয়াকআউট করেন।
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় রওশন এরশাদ বলেন, ‘যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, তখন এখানে বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হয়েছে, জানতে চাই? আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যখন ব্যারেলপ্রতি ৪০ ডলার, তখন সবাই ভেবেছিল দাম কমবে। মানুষ স্বস্তি পাবে। কিন্তু কমানো হয়নি।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘পেট্রোবাংলা গত ৫ বছরে ২০ হাজার ৮০ কোটি টাকা লাভ করেছে। এমন কি হলো যে বিদ্যুতের দাম বাড়াতে হবে? এই বৃদ্ধি জনজীবনে বিরূপ প্রভাব ফেলবে। আমাদের দাবি, যে দাম বাড়ানো হয়েছে, তা কমিয়ে আগের দামে নিয়ে যাবে। আশা করি সরকার এটি পুনর্বিবেচনা করবে।’
এরপর রওশন এরশাদ দলীয় সদস্যদের নিয়ে ওয়াকআউট করেন।
এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বিরোধীদলীয় নেতা আমাদের কাছে জানতে চেয়েছেন, কেন গ্যাস-বিদ্যুতের দাম বাড়ল। কিন্তু এ বিষয়ে তিনি আমাদের বক্তব্য না শুনেই তিনি ওয়াকআউট করলেন।’
এরপর বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ১ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে এক পয়সাও দাম বাড়েনি। এদের সংখ্যা ৭০ শতাংশ। সেচ পাম্পের ‌ক্ষেত্রেও দাম বাড়ানো হয়নি। বাড়ানো হয়েছে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের জন্য।