গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে গতকাল শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এ ছাড়া গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়।
বিকেলে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা আবু নাঈম খান, সেলিম মাহমুদ, সিপিবি নেতা বিমল কান্তি দাস ও শাহানারা বেগম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
নিখিল দাস বলেন, সরকার আবারও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা শুরু করেছে। ইতিমধ্যে গ্যাস বিষয়ে লোক দেখানো গণশুনানি করেছে। গণশুনানির উদ্দেশ্য থাকে দাম কমানো নয়, দাম বাড়ানো। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় বিদ্যুতের উৎপাদন খরচ কমেছে। গ্যাস-বিদ্যুতের উৎপাদনকারী কোনো কোম্পানি লোকসানে নেই, মুনাফা করছে। ফলে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। বরং দাম কমানো উচিত।
নিখিল দাস আরও বলেন, পেট্রোবাংলা যেখানে ১ হাজার ঘনফুট গ্যাস মাত্র ২৫ টাকায় সরবরাহ করছে, সেখানে বিদেশি কোম্পানির কাছ থেকে ৬২৪ টাকায় গ্যাস কেনার উদ্যোগ কেন? জনগণ এ প্রশ্নের জবাব চায়। গ্যাস উন্নয়ন তহবিলে প্রায় ৩৫ হাজার কোটি টাকা জমা থাকার পর জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সের ক্ষমতা বৃদ্ধি, গ্যাসকূপ অনুসন্ধান ও উত্তোলনের কাজে সে টাকা লাগানো হচ্ছে না কেন? সরকার বাস্তবে দেশি-বিদেশি লুটপাটকারীদের মুনাফার স্বার্থে গ্যাসক্ষেত্র ইজারা দেওয়া ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটার আয়োজনে ব্যস্ত।
এদিকে বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করে। সংগঠনের জেলা সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির জেলার সমন্বয়ক অঞ্জন দাস, প্রতিবেশ আন্দোলনের জেলা সম্পাদক আওলাদ হোসেন, নারী সংহতির জেলা আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি মশিউর রহমান প্রমুখ।
তরিকুল সুজন বলেন, গত বছর সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। বছর ঘুরতে না-ঘুরতেই জনগণের পকেট কেটে এলএনজি ব্যবসায়ীদের স্বার্থে গ্যাসের দাম আবার বাড়াচ্ছে সরকার। বর্তমানে এক চুলা ৬০০ টাকা ও দুই চুলা ৬৫০ টাকার পরিবর্তে ৮৩ শতাংশ বাড়িয়ে এক চুলা ১১০০ টাকা ও দুই চুলা ১২০০ টাকা করার তৎপরতা চলছে। এ ছাড়া বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৬২ শতাংশ, সারে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৭১ শতাংশ, ক্যাপটিভে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ১৩০ শতাংশ, শিল্পে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৬২ শতাংশ, বাণিজ্যিকে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৭২ শতাংশ, সিএনজিতে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ৮৩ শতাংশ এবং বাসাবাড়িতে মিটারে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে ১৪০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করে বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস। সব নিয়মনীতি উপেক্ষা করে ব্যবসায়ীদের স্বার্থে এ দাম নির্ধারণ করা হচ্ছে।