গ্যাস-বিদ্যুতের সংকট কমবে কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে চলমান গ্যাস ও বিদ্যুতের সংকট আগামীকাল শনিবার থেকে কমতে শুরু করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যে ক্ষেত্রটি বন্ধ থাকায় সংকট তীব্র হয়ে উঠেছে, সেই সাঙ্গু গ্যাসক্ষেত্র গত বুধবার রাতেই চালু হয়েছে। বাঙ্গুরা ক্ষেত্রও আজ শুক্রবার চালু হওয়ার কথা। গত বুধবার বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু হয়েছে। অন্য দুটিও আজ-কালের মধ্যে চালু হবে। সর্বোপরি, আগামীকাল যে ৫৫ লাখ বিদ্যুৎ-সাশ্রয়ী (সিএফএল) বাল্ব বিতরণ করা হবে সেগুলো চালু হলে প্রায় ৭০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা কমবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, আইরিশ কোম্পানি টাল্লোর স্থানীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, আজ শুক্রবার তাঁরা বাঙ্গুরা গ্যাসক্ষেত্রটি চালু করতে পারবেন। গ্যাসলাইনে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। গত আট জুন ক্ষেত্রটির সঙ্গে সংযুক্ত গ্যাসলাইনে সমস্যা দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ছাড়া, গত বুধবার সকালে বন্ধ হয়ে যাওয়া সাঙ্গু গ্যাসক্ষেত্রের জেনারেটর ওই দিন রাতেই চালু করে গ্যাস উত্তোলন শুরু করা হয়েছে। তিনি বলেন, এই দুটি ক্ষেত্র চালু হলে প্রায় ১৫ কোটি ঘনফুট উৎপাদন বাড়বে। ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানো যাবে।এদিকে, গত বুধবার সকালে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। ইউনিটগুলোর সঙ্গে সংযুক্ত ক্যাবলে ত্রুটিই বন্ধ হয়ে যাওয়ার কারণ বলে পিডিবি সূত্র জানায়। এ ছাড়া, একটি ইউনিটের মোটরেও সমস্যা দেখা দিয়েছিল। পিডিবি সূত্র জানায়, এগুলো মেরামতের কাজ তাৎক্ষণিকভাবে শুরু করা হয়। এর মধ্যে একটি ইউনিট বুধবার সন্ধ্যায়ই চালু হয়েছে। অন্য দুটি আজ-কালের মধ্যে চালু হবে। তা ছাড়া, সাঙ্গুর পাশাপাশি বাঙ্গুরা গ্যাসক্ষেত্রও আজ চালু হলে বিদ্যুৎকেন্দ্রের জন্য বাড়তি গ্যাস পাওয়া যাবে এবং উৎপাদন বাড়ানো সম্ভব হবে। কর্মকর্তারা বলেছেন, গ্যাসের অভাবে বিভিন্ন কেন্দ্রে এখন প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। পিডিবির হিসাব অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল পাঁচ হাজার ১০০ মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছিল তিন হাজার ৮৮০ মেগাওয়াট।