গ্যাস-বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস ও বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গ্যাস ও বিদ্যুতের অপব্যবহার বন্ধ করতে হবে।আজ রোববার হোটেল রূপসী বাংলায় দেশে ২০ লাখ সোলার হোম সিস্টেম এবং ১০ লাখ উন্নত চুলার সংযোগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য আগামীতে কেবল শিল্প কারখানায় পাইপলাইনে এবং বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। তবে ইতিমধ্যে গ্যাস গ্রিডে সংযুক্ত ভবনগুলো পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবে। তিনি আরও বলেন, দেশে বিদ্যমান ডিজেলচালিত পাম্প এবং মিনি গ্রিড পর্যায়ক্রমে সৌরশক্তি চালিত সেচপাম্প ও মিনি গ্রিড প্রকল্পের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।২০১৫ সালের মধ্যে পল্লির জনগণ ১০ লাখ উন্নত চুলা পাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) উন্নত রান্নার চুলা পল্লির মা-বোনদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে রান্নায় সহায়তা করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের কৌশল উদ্ভাবনে গবেষণার লক্ষ্যে জ্বালানি গবেষণা পরিষদ (ইআরসি) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস সি এম জুট বক্তব্য দেন। এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও ইডকলের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংস্থার নির্বাহী মুহাম্মদ মালিক।