গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ-সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। আর তা না পারলে সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলেছেন তাঁরা।গতকাল সোমবার রাজধানীর মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গ্যাস ও বিদ্যুতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তাঙ্গনে ওই সমাবেশের আয়োজন করা হয়। এর আগে গতকাল সকালে দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও গ্যাস-বিদ্যুতের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি পেশ করা হয়।মুক্তাঙ্গনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, এই সরকার কোনো খাতে সফলতা দেখাতে পারছে না। জনগণকে গ্যাস দিতে পারছে না। বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অবিলম্বে জনগণের গ্যাস ও বিদ্যুতের অভাব দূর করতে হবে। আর তা না পারলে ক্ষমতা ছাড়তে হবে।স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, সরকার কেবল বিরোধী দলকে দমন-পীড়নের কাজে সফল হয়েছে। তারা ক্ষমতায় এসেছে যেন এই একটি কাজ করার জন্যই। মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। জনগণকে কোনো সেবা দিতে পারছে না সরকার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।স্মারকলিপি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে গ্যাস ও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। সব জেলা ও বিভাগীয় শহরে এ কর্মসূচি পালিত হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।ঢাকা জেলা বিএনপির পক্ষে জেলা প্রশাসক মুহিবুল হকের কাছে স্মারকলিপি দেন দলটির জেলা সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ। এ সময় দলের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন।