গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে জাতীয় কমিটির কর্মসূচি
চলমান গ্যাস-বিদ্যুৎসংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণে ১৬ দফা দাবি ঘোষণা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ৩০ এপ্রিলের মধ্যে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে গণট্রাইব্যুনাল গঠনসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল শুক্রবার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষিত এ কর্মসূচির মধ্যে রয়েছে ১২ এপ্রিল মুক্তাঙ্গনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৮ এপ্রিল মতবিনিময়, ২০ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন অঞ্চলে পদযাত্রা ও সারা দেশে সভা-সমাবেশ।সংবাদ সম্মেলনে কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ কর্মসূচি ঘোষণা করে বলেন, ৩০ এপ্রিলের মধ্যে তাঁদের সাত দফার সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহের প্রথম পর্ব শেষ হবে। এর মধ্যে তাঁদের দাবি নিয়ে সরকার সঠিক পথে অগ্রসর না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।১৬ দফা দাবির মধ্যে নয় দফা স্বল্প মেয়াদে এবং সাত দফা স্থায়ী সমাধানের লক্ষ্যে। স্বল্প মেয়াদে তিতাস ও হবিগঞ্জের মতো গ্যাসক্ষেত্রগুলো থেকে উত্তোলন বৃদ্ধি, পেট্রোবাংলার বন্ধ হয়ে থাকা ১২টি গ্যাসকূপ চালু করা, বিদেশি কোম্পানির আওতাধীন গ্যাসক্ষেত্রগুলোতে নির্দিষ্ট মেয়াদে অনুসন্ধান ও উত্তোলন, গ্যাস-বিদ্যুতের লাইন মেরামত ও নবায়ন, বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ সব বিদ্যুৎকেন্দ্র মেরামত ও নবায়নের জরুরি উদ্যোগ গ্রহণ, ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশীয় উদ্যোক্তাদের সুযোগ দান এবং নতুন গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জাতীয় সংস্থাগুলোকে ক্ষমতা ও প্রয়োজনীয় সুযোগ দেওয়ার দাবি রয়েছে।আর স্থায়ী সমাধানের লক্ষ্যে সাত দফার মধ্যে রয়েছে: মডেল পিএসসি ও ফুলবাড়ী কয়লা প্রকল্পসহ জাতীয় স্বার্থবিরোধী কার্যক্রম বাতিল, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইন প্রণয়ন, শতভাগ রাষ্ট্রীয় মালিকানা ও জাতীয় সক্ষমতা নিশ্চিত করে নতুন নীতিমালার অধীনে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি উৎস ব্যবহারের নীতি প্রণয়ন ও প্রতিষ্ঠান গড়ে তোলা, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খনিজ সম্পদ সম্পর্কে নতুন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং জ্বালানি মন্ত্রণালয়কে বহুজাতিক কোম্পানির হাত থেকে মুক্ত করে জাতীয় সক্ষমতা বিকাশে উদ্যোগ গ্রহণ।সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও বি ডি রহমতুল্লাহ বক্তব্য দেন। তাঁদের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে গ্যাস ও বিদ্যুৎসংকট জিইয়ে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।