গ্যাস-বিদ্যুৎ সংকটে ৮ দফা সুপারিশ
গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ সমস্যা সমাধানে কমিটির পক্ষ থেকে আটটি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বাড়ানো; নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনের জন্য জাতীয় সংস্থাগুলোকে কর্তৃত্ব ও প্রয়োজনীয় সমর্থনদান; পেট্রোবাংলার নিয়ন্ত্রণাধীন ১২টি বন্ধ কূপ চালু করার জরুরি উদ্যোগ গ্রহণ; গ্যাস ও বিদ্যুৎ পরিবহন লাইন মেরামত-নবায়ন; বড়পুকুরিয়ায় নতুন প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র বসানোর জরুরি উদ্যোগ নেওয়া। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি ও সুপারিশ তুলে ধরেন।তাঁরা দীর্ঘমেয়াদে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে জ্বালানি সম্পদের ওপর সরকারের শতভাগ মালিকানা বজায় রাখার দাবি জানান।