গ্যাস-বিদ্যুৎসহ চার দফা দাবিতে ভোলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ঘরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ চার দফা দাবিতে ভোলায় বিশাল মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় ভোলা শহরের চারটি স্থানে এই মানববন্ধন হয়।ভোলা নাগরিক কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার কয়েক শ মানুষ অংশ নেন। ভোলাবাসীর অন্য দুটি দাবি হচ্ছে ব্লক ফেলে নদীভাঙন প্রতিরোধ ও শিল্প কলকারখানার জন্য রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা।ভোলা নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, শহরের সদর রোড, নতুন বাজার, ভোলা সরকারি কলেজের সামনে ও পিটিআই সড়কে গতকাল মানববন্ধনের সঙ্গে পথসভাও হয়। এসব দাবিতে তাঁদের পক্ষ থেকে সারা জেলায় প্রচারপত্র বিতরণ ও মাইকিং করা হয়।পথসভায় নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহান, বাংলাদেশের কমিনিউস্ট পার্টির ভোলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, খায়রুল ইসলাম, নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।সভায় বক্তারা বলেন, ভোলায় ৪৭৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করে জমি অধিগ্রহণ করা হয়েছে। ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার জন্য ভোলা শহরে পাইপলাইন টানা হয়েছে। কিন্তু বছরের পর বছর চলে গেলেও ওই লাইনে গ্যাস দেওয়া হচ্ছে না। ভোলায় শিল্প কলকারখানার জন্য ইপিজেড নির্মাণ করলে গ্যাস ও বিদ্যুৎ কাজে লাগবে। এই জেলার মানুষের কর্মসংস্থান হবে। পথসভায় বক্তারা আরও বলেন, ভোলায় নদীভাঙনে প্রতিবছর ১০ হাজার পরিবার উদ্বাস্তু হচ্ছে। এ জন্য নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। এসব দাবি না মানলে ভোলা অচল করে দেওয়া হবে।