গ্যাস বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার একটি বাসায় গতকাল শুক্রবার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন আফিনুর বেগম (৪০), তাঁর ছেলে শাকিল (১২) ও শামীম (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিতাশাল এলাকায় জয়নাল আবদিনের দোতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন শুক্কুর মিয়া। গতকাল ভোরে গৃহকর্ত্রী আফিনুর বেগম রান্নাঘরে গ্যাসের চুলায় দেশলাই দিয়ে আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে রান্নাঘরের ভেতরে থাকা তিনজনের শরীরের অধিকাংশ পুড়ে যায়। বিস্ফোরণে দরজা ও জানালা ভেঙে যায়। ঘরের আসবাবে আগুন ধরে যায়। আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, রাতে গ্যাসের চাপ কম থাকায় বাড়ির গৃহকর্ত্রী চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। ভোরে দেশলাই দিয়ে আগুন জ্বালাতে গেলে দুর্ঘটনা ঘটে।