সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্র এলাকায় গ্যাসের চাপ বেড়েছে। গ্যাসক্ষেত্রের ভেতরে ও আশপাশের এলাকার বসতঘর, উঠান, পুকুর, রাস্তাঘাট, ফসলি জমি থেকে বের হচ্ছে গ্যাস। এতে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় লোকজনের মধ্যে। লাল নিশান টানিয়ে এসব এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে দিয়েছে নাইকো।
হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় গ্যাসক্ষেত্রের পার্শ্ববর্তী একটি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও ছয়টি পরিবারকে বলা হয়েছে সরে যেতে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব সারোয়ার ও ভূতত্ত্ববিদ মিজানুর রহমান গ্যাসক্ষেত্র এলাকা পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান। কিন্তু পরিদর্শন শেষে মাহবুব সারোয়ার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এতে এলাকাবাসী বিক্ষোভ করেন।
তবে বাপেক্সের ভূতত্ত্ববিদ মিজানুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, টেংরাটিলায় দুই দফা বিস্ফোরণের পর ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর গ্যাসকূপ সিলগালা করে দেওয়া হয়। গ্যাসের চাপ আগেও ছিল। এখন চারপাশে মাত্রাটা একটু বেড়েছে। ঝুঁকির বিষয়ে তিনি বলেন, ‘এটা প্রাকৃতিক বিষয়। তবে বিগত নয় বছরে যেহেতু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, তাই আশা করছি এখনো কিছু হবে না।’
কিন্তু ভূতত্ত্ববিদ মিজানুরের এ আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না এলাকাবাসী। স্থানীয় সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টার বলেন, ‘যে হারে বাড়িঘর, পুকুর, রাস্তাঘাটে গ্যাস বের হচ্ছে, তাতে বাপেক্সের কর্মকর্তাদের কথায় আমরা মোটেও আশ্বস্ত হতে পারছি না। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালে দুই দফা বিস্ফোরণের পর থেকেই গ্যাসকূপের আশপাশের এলাকার বাড়িঘরের আঙিনা, রাস্তাঘাট, ফসলি জমি ও পুকুরে গ্যাসের উদ্গিরণ ছিল। গত কয়েক দিনে গ্যাসের চাপ বিপজ্জনক হারে বেড়েছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, গ্যাসক্ষেত্রের ভেতরে মূল কূপের চারপাশে পানিতে গ্যাসের বুদ্বুদ উঠছে। নাইকো লাল কাপড় দিয়ে সেই জায়গা চিহ্নিত করে রেখেছে। গ্যাসক্ষেত্রের উত্তরে সীমানাদেয়াল ঘেঁষেই কাশেম মিয়ার একটি বড় পুকুর। ওই পুকুরের উত্তর পাড়ে সাতটি পরিবারের বসতঘর। এরপর টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা। রাস্তার পাশেই নাইকোর পক্ষ থেকে ১০টি লাল পতাকা দিকে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দেওয়া হয়েছে। এই এলাকায় গ্যাসের সঙ্গে কাদামাটি ও পানি উঠছে। নাইকো একটি সতর্কীকরণ সাইনবোর্ড টাঙিয়েছে। টেংরা গ্রামের রাশিদ মিয়ার বাড়ির নলকূপ দিয়ে গ্যাস বের হচ্ছে। সেখানে আগুন দিলেই আগুন ধরে যায়। অথচ ওই নলকূপ থেকেই পানি ব্যবহার করছেন তাঁরা।
জানতে চাইলে ইউএনও কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যাঁদের জীবন ঝুঁকির মধ্যে আছে, তাঁদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেসব পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে, তাদের বাড়িভাড়া ও অন্যান্য খরচ নাইকো দেবে।’
২০০৫ সালের ৭ জানুয়ারি প্রথম দফা এবং ২৪ জুন দ্বিতীয় দফা টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। প্রথম দফা বিস্ফোরণের পর প্রায় ১৫ দিন ২০০ থেকে ৩০০ ফুট উঁচুতে দাউ দাউ করে আগুন জ্বলে। দ্বিতীয় দফা বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে এনে কূপ বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরণে কয়েকটি গ্রামের ৬১৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
সিলেটের গ্রামে গ্যাসের উদ্গিরণ: সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নতুন টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তা ইউনিয়নের লামা মহাইল গ্রামে। গতকাল সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লামা মহাইল গ্রামের কামাইকা বিশ্বাস তাঁর বাড়ির উঠানে নতুন টিউবওয়েল বসাচ্ছেন। টিউবওয়েলের পাইপ মাটির প্রায় ১৩০ ফুট গভীরে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে গ্যাসের উদ্গিরণ হয়।
জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (টিঅ্যান্ডডি) খাজা আহমদ জানান, মাটির নিচে গ্যাসের প্যাকেটিং স্তর থেকে এ উদ্গিরণ হয়। বালুর সঙ্গে নুড়ি পাথর চাপা দিয়ে তা বন্ধ করা হয়েছে। ওই এলাকায় আপাতত নতুন টিউবওয়েল না বসাতে পরামর্শ দেওয়া হয়েছে।