গ্যাস-বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালীর ছলিমাবাদ দরবার শরিফের বার্ষিক ওরস অনুষ্ঠানে গতকাল শুক্রবার বিকেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নুরুন নাহার (৬০) নামের এক নারী নিহত ও পাঁচ শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি তিনজনকে নেওয়া হয়েছে পটুয়াখালী জেনারেল হাসপাতালে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে এক বেলুন বিক্রেতা গোছখালী দরবার শরিফের পূর্ব পাশের খালি মাঠে গ্যাস-বেলুন বিক্রি করছিলেন। এ সময় গ্যাসভর্তি সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সেখানে অবস্থানরত উপজেলার কালীবাড়ি গ্রামের সোনা মিয়ার স্ত্রী নুরুন নাহার বেগম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ছয়জন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনই শিশু।
আহত শিশুরা হলো আমির হোসেন (১০), ফাইদ হোসেন (৭), আবদুর রহমান (১০), সুমন (১২), শাহনাজ (১০), ইউসুফ (৪৫) ও মিম (১২)। ফাইদ হোসেন, আবদুর রহমান ও সুমনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাহনাজ, ইউসুফ ও মিমকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে পুরো এলাকা কেঁপে ওঠে। উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি ও ছুটোছুটি করতে থাকে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে দুর্ঘটনাস্থলে পড়ে থাকা আহতদের ডাক-চিৎকারে লোকজন সেদিকে ছুটে যান এবং তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনুষ্ঠানস্থলের পূর্ব পাশে হঠাৎ একটা বিকট বিস্ফোরণের শব্দ পাই। এতে সেখানে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে। একপর্যায়ে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন নারীর দেহ পড়ে আছে। আর আশপাশে আরও বেশ কয়েকটি শিশুসহ কয়েকজনের শরীর ঝলসে মাটিতে পড়ে কাতরাচ্ছে। তবে গ্যাস-বেলুন বিক্রেতার কোনো হদিস পাওয়া যায়নি।’
আমতলী হাসপাতালের জরুরি বিভাগের কমিউনিটি চিকিৎসক গৌরাঙ্গ হাজরা গতকাল সন্ধ্যায় জানান, আবদুর রহমান, ফাইদ ও সুমনের শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে।
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বরগুনার হেউলিবুনিয়া গ্রামের রাসেল (১৮) নামের বেলুন বিক্রেতাকে আটক করা হয়েছে।