গ্যাস ব্লক ইজারা চুক্তির দায়ভার নিতে হবে সরকারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ২০০৮-এর আওতায় বঙ্গোপসাগরে ১০, ১১ ও ৫ নম্বর ব্লক কনোকো ফিলিপস ও তাল্লোকে ইজারা দেওয়ার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। রপ্তানির বিধান রেখে এ ধরনের চুক্তি আত্মঘাতী হবে উল্লেখ করে তাঁরা বলেন, এতে জ্বালানিনিরাপত্তা ও জ্বালানি সম্পদের ওপর দেশের কর্তৃত্ব ক্ষতিগ্রস্ত হবে।গতকাল শুক্রবার বিভিন্ন অনুষ্ঠান ও বিবৃতিতে প্রতিনিধিরা এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারের এ ধরনের উদ্যোগে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এ উদ্যোগ প্রতিহত করতে আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। কাল রোববার বেলা ১১টায় মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলন ও ৮ নভেম্বর সোমবার দেশব্যাপী কালো পতাকা মিছিল, বেলা ১১টায় মুক্তাঙ্গনে সমাবেশ ও পেট্রোবাংলা অভিমুখে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। গতকাল মুক্তি ভবনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় বক্তারা জনগণকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।সভায় সংগঠনের সদস্যসচিব আনু মুহাম্মদ, এম এম আকাশ, আকমল হোসেন, মোর্শেদ আলী, রুহিন হোসেন, বজলুর রশিদ প্রমুখ বক্তব্য দেন। সরকার এ ধরনের অপতৎপরতা থেকে বিরত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দেন বক্তারা ।গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে জাতীয় নেতারা বলেন, ‘আমরা মনে করি মার্কিন বহুজাতিক কোম্পানির সঙ্গে এ ধরনের চুক্তি বঙ্গোপসাগরে মার্কিন সাম্রাজ্যবাদের অনুপ্রবেশের সুযোগ সৃষ্টি করবে। নেতারা জাতীয় সংসদে উত্থাপিত ‘জ্বালানি ও খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ’ আইন পাসের জোর দাবি জানান।এ বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ। ওয়ার্কার্স পার্টি ও সমাজতান্ত্রিক দলের আরেকটি পৃথক বিবৃতিতে বক্তারা বলেন, জনমত উপেক্ষা করে এই চুক্তি হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে।