জাতীয় কমিটির মতবিনিময় সভা
গ্যাস রপ্তানি চুক্তির প্রক্রিয়া বন্ধ ও দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি
গ্যাস রপ্তানি চুক্তির প্রক্রিয়া বন্ধ করতে এবং গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ‘বাংলাদেশের গ্যাসসম্পদ, জাতীয় সক্ষমতা ও জ্বালানি খাতে সরকারি নীতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় গতকাল শনিবার বক্তারা এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন, দেশের গ্যাস, বঙ্গোপসাগরের গ্যাস শতভাগ বাংলাদেশে ব্যবহার করতে হবে। দেশে গ্যাস ও জ্বালানির সংকট বিদ্যমান রেখে গ্যাস রপ্তানির চুক্তি হতে পারে না। পুরানা পল্টনের মুক্তি ভবনে জাতীয় কমিটি এ সভার আয়োজন করে।
ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরুল ইমাম বলেন, ‘গ্যাসের মূল্য কেন বৃদ্ধি হচ্ছে, এলএনজি আনতে হচ্ছে? কেননা, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, উপায় নেই। এটি অ্যালার্ম (সংকেত) নির্দেশক। গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এটি সাধারণভাবে হয়তো সঠিক। আগে যতগুলো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, এখন ততগুলো করতে পারছি না। কিন্তু গ্যাস ফুরিয়ে যাচ্ছে বলে গ্যাস আর নাই এতে একমত নই। গ্যাসবিষয়ক যেকোনো পরিকল্পনাই হওয়া উচিত বাপেক্সকে কেন্দ্র করে।’
গ্যাস রপ্তানি চুক্তির প্রক্রিয়া বিষয়ে কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, উৎপাদন অংশীদার চুক্তি সংশোধন করে সম্প্রতি গ্যাস রপ্তানির সুযোগ রাখা হয়। কোরিয়ান কোম্পানি ডাইউর সঙ্গে শিগগিরই এ নিয়ে চুক্তি হওয়ার কথা। অনুষ্ঠানে অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, অন্যরা দাম কমাচ্ছে, উল্টো আমরা দাম বাড়াচ্ছি দৃষ্টিভঙ্গির কারণে।