গ্যাস রেশনিং কার্যক্রম শুরু করেছে তিতাস
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির আওতাধীন ঢাকা ও এর আশপাশের এলাকায় গ্যাস রেশনিং কার্যক্রম গতকাল বুধবার শুরু হয়েছে। প্রথম দিনে নরসিংদী, ঘোড়াশাল, ভালুকা, জিঞ্জিরা, মুন্সিগঞ্জ এবং ঢাকার উত্তরা, তেজগাঁও, গুলশান ও ক্যান্টনমেন্ট এলাকায় গ্যাস রেশনিং করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সূত্রের দাবি, এতে সরবরাহ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।রেশনিং কর্মসূচিতে গ্যাসের শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের সাপ্তাহিক ছুটির দিন শুধু শুক্র-শনিবারে সীমিত না রেখে সপ্তাহের প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে ছুটির দিন (হলিডে স্ট্যাগারিং) কার্যকর করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্যবসায়ী-শিল্পপতিদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সভা করে পেট্রোবাংলা এ সিদ্ধান্ত চূড়ান্ত করে।তবে গ্রাহকদের বিভিন্ন সূত্র জানায়, গতকাল নির্ধারিত এলাকার অনেক শিল্প গ্রাহক তাঁদের কারখানা বন্ধ রাখেননি। ফলে রেশনিং কার্যক্রমে যে ফল হওয়ার কথা ছিল তা হয়নি। তবে সাধারণভাবে গ্যাসের চাপ অন্যান্য দিনের তুলনায় ভালো ছিল। হঠাত্ শীত কমে যাওয়ায় চাহিদা কিছু হ্রাস পাওয়া এবং পাইপলাইনে কনডেনসেট (তরল জ্বালানি) জমে যাওয়ার পরিমাণ কম হওয়াও এর কারণ বলে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল নির্ধারিত রেশনিং এলাকার অনেক শিল্প গ্রাহকই তাঁদের কারখানা বন্ধ রেখেছেন। অনেকের কিছুটা বিভ্রান্তি ছিল নির্ধারিত দিন নিয়ে। কারণ তাঁরা হয়তো পত্রপত্রিকায় বিষয়টি দেখেননি। আর হাজার হাজার গ্রাহককে তো চিঠি দিয়ে বিষয়টি জানানো সম্ভব নয়। রেশনিং কার্যকর করার ব্যাপারে কোম্পানির পাঁচজন মহাব্যবস্থাপকের (মার্কেটিং) নেতৃত্বে পাঁচটি পরীবিক্ষণ দল কাজ শুরু করেছে। এই দলগুলোতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনেরও প্রতিনিধি দিতে বলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন শিল্প গ্রাহক তাঁকে জানিয়েছেন, গতকাল গ্যাসের সরবরাহ পরিস্থিতি অনেক ভালো ছিল। গত পরশুও কিছু ভালো ছিল। আবহাওয়ার পরিবর্তনও এর অন্যতম কারণ হতে পারে।জানা গেছে, প্রক্রিয়াকরণ শিল্পের (প্রোসেস ইন্ডাস্ট্রি) মতো যেসব কারখানায় ২৪ ঘণ্টাই গ্যাস প্রয়োজন, সেগুলো এই রেশনিংয়ের আওতায় আসছে না। সিএনজি স্টেশনের ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পেট্রোবাংলা ও সিএনজি মালিক সমিতির বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার রেশনিং হবে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার মিরপুর এলাকায়। শুক্রবার হবে নারায়ণগঞ্জ ও ফতুল্লা এলাকায়; শনিবার ঢাকার ডেমরা, শ্যামপুর, মতিঝিল, খিলগাঁও ও মালিবাগ এলাকায়। রোববার হবে সাভারে; সোমবার জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত; মানিকগঞ্জ এবং ঢাকার লালবাগ ও ধানমন্ডি এলাকায়। টঙ্গী, জয়দেবপুর থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ এলাকায় রেশনিং করা হবে মঙ্গলবার।চলমান গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে যে ধারণা থেকে এই রেশনিংয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে তা হলো, সপ্তাহের প্রতিদিন কোনো না কোনো শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকলে পাইপলাইনে গ্যাসের চাপ কিছু বাড়বে এবং অন্যান্য এলাকার সব শ্রেণীর গ্রাহক বাড়তি চাপে গ্যাস পাবেন। এই কার্যক্রম সফল করতে হলে গ্যাস ব্যবহারকারীদেরই নিজস্ব উদ্যোগে নির্দিষ্ট দিনে ব্যবহার বন্ধ রাখতে হবে। কারণ বিভিন্ন শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের আলাদা লাইন নেই। তাই বিতরণ কর্তৃপক্ষের পক্ষে কোনো এলাকার কোনো গ্রাহকের গ্যাস সরবরাহ আলাদাভাবে বন্ধ রাখা সম্ভব নয়।বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের প্রকৃত চাহিদা প্রায় ২৫০ কোটি ঘনফুট। উত্পাদন হচ্ছে ১৮৫ কোটি ঘনফুটের মতো। ঘাটতি প্রায় ৪৫ কোটি ঘনফুট। এর মধ্যে তিতাস গ্যাস কোম্পানির এলাকায়ই ঘাটতি প্রায় ২৫ কোটি ঘনফুট। তাদের সর্বোচ্চ চাহিদা ১৬৮ কোটি ঘনফুট।