গ্যাস রেশনিং বুধবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জানুয়ারি বুধবার থেকে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির আওতাধীন ঢাকা ও এর আশপাশের অঞ্চলে গ্যাস রেশনিং শুরু করা হচ্ছে। এই অঞ্চলকে সাতটি এলাকায় ভাগ করে এর একটি করে এলাকার শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে একেক দিন গ্যাস ব্যবহার বন্ধ থাকবে।অন্য কথায়, গ্যাসের শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের সাপ্তাহিক ছুটির দিন শুধু শুক্র-শনিবারে সীমিত না রেখে সপ্তাহের প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে ছুটির দিন নির্ধারণ (হলিডে স্ট্যাগারিং) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী-শিল্পপতিদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে এক সভা করে পেট্রোবাংলা এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।তবে প্রক্রিয়াকরণ শিল্পের (প্রসেস ইন্ডাস্ট্রি) মতো যেসব কারখানায় ২৪ ঘণ্টাই গ্যাস প্রয়োজন, সেগুলো এই রেশনিংয়ের আওতায় পড়বে না। সিএনজি স্টেশনের ব্যাপারেও গতকাল কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।গতকাল বিকেলে সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে পেট্রোবাংলা আলাদা একটি সভা করেছে। সেখানে পেট্রোবাংলা প্রস্তাব দিয়েছে, সিএনজি স্টেশনগুলো সপ্তাহে পাঁচ দিন (শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন) সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখার। কিন্তু স্টেশন মালিকেরা তাতে রাজি হননি। এ ব্যাপারে আগামী মঙ্গলবার আবার দুই পক্ষের মধ্যে সভা হবে বলে পেট্রোবাংলা ও সিএনজি মালিক সমিতির সূত্রগুলো জানিয়েছে। কোন এলাকায় কোন দিন রেশনিং: গতকালের সভায় তিতাসের আওতাধীন অঞ্চলকে গ্যাস রেশনিংয়ের জন্য সাতটি এলাকায় ভাগ করে এর কোন এলাকায় সপ্তাহের কোন দিন রেশনিং হবে তা নির্ধারণ করা হয়। সেগুলো হচ্ছে—রোববার গ্যাস রেশনিং করা হবে সাভার এলাকায়। সোমবার জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত, মানিকগঞ্জ এবং ঢাকার লালবাগ ও ধানমন্ডি এলাকায়। মঙ্গলবার টঙ্গী, জয়দেবপুর থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ এলাকায়। বুধবার নরসিংদী, ঘোড়াশাল, ভালুকা, জিঞ্জিরা, মুন্সীগঞ্জ এবং ঢাকার উত্তরা, তেজগাঁও, গুলশান ও ক্যান্টনমেন্ট এলাকায়। বৃহস্পতিবার সোনারগাঁ ও ঢাকার মিরপুর এলাকায়। শুক্রবার নারায়ণগঞ্জ ও ফতুল্লা এলাকায় এবং শনিবার ঢাকার ডেমরা, শ্যামপুর, মতিঝিল, খিলগাঁও এবং মালিবাগ এলাকায়। কেন রেশনিং: চলমান গ্যাস-সংকট নিরসনের লক্ষ্যে যে ধারণা থেকে এই রেশনিংয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে তা হলো—সপ্তাহের প্রতিদিনই কোনো না কোনো শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকলে পাইপলাইনে গ্যাসের চাপ কিছুটা বাড়বে এবং অন্যান্য এলাকার সব শ্রেণীর গ্রাহক বাড়তি চাপে গ্যাস পাবেন। কতটুকু কাজে আসবে: তবে গ্যাস সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রেশনিংয়ের ফলে সামগ্রিকভাবে চলমান গ্যাস সমস্যার কোনো সমাধান হবে না। কারণ, যে দিন যে এলাকার শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস ব্যবহার বন্ধ থাকবে, সে দিন শুধু ওই এলাকার অন্য গ্রাহকেরাই গ্যাসের কিছুটা বাড়তি চাপ পেতে পারেন। অন্য এলাকায় এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে সূত্রগুলো মনে করে।তাছাড়া রেশনিং করতে হলে গ্যাস ব্যবহারকারীদেরই নিজস্ব উদ্যোগে নির্দিষ্ট দিনে ব্যবহার বন্ধ রাখতে হবে। কারণ বিভিন্ন শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের আলাদা লাইন নেই। তাই বিতরণ কর্তৃপক্ষের পক্ষে কোনো এলাকার কোনো গ্রাহকের গ্যাস সরবরাহ আলাদাভাবে বন্ধ রাখা সম্ভব নয়। তাই শিল্প ও বাণিজ্যিক গ্রাহকেরা নিজেদের উদ্যোগেই যদি গ্যাস ব্যবহার বন্ধ না রাখেন তাহলে কোনো লাভই হবে না।সংশ্লিষ্টদের কথা: পেট্রোবাংলার সঙ্গে গতকালের সভায় অংশ নেওয়া বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর কয়েকজন নেতা প্রথম আলোকে বলেছেন, এখন সপ্তাহের সাত দিনই গ্যাস-সংকট থাকে। রেশনিং করে যদি এক দিন বন্ধ রেখেও বাকি ছয় দিন গ্যাস পাওয়া যায়, সেই উদ্দেশেই তাঁরা রাজি হয়েছেন।তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজ খান গতকাল প্রথম আলোকে বলেছেন, রেশনিংয়ের যে কার্যক্রম নেওয়া হয়েছে তাতে প্রতিদিন তিন থেকে চার কোটি ঘনফুট গ্যাসের সাশ্রয় হবে। ফলে সব গ্রাহকই উপকৃত হবেন।গ্যাসচিত্র: বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের প্রকৃত চাহিদা প্রায় ২৫০ কোটি ঘনফুট। উত্পাদিত হচ্ছে ১৮৫ কোটি ঘনফুটের মতো। ঘাটতি প্রায় ৪৫ কোটি ঘনফুট। এর মধ্যে তিতাস গ্যাস কোম্পানির এলাকায়ই ঘাটতি প্রায় ২৫ কোটি ঘনফুট। তাদের সর্বোচ্চ চাহিদা ১৬৮ কোটি ঘনফুট।কয়েক বছর ধরে সারা বছরই চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি থাকে। শীতের সময় ব্যবহার বৃদ্ধি ও পাইপলাইনে কনডেনসেট (গ্যাসের সঙ্গে থাকা তরল জ্বালানি) জমে সরবরাহ-সংকট প্রকট হয়ে ওঠে। গ্যাসের উত্পাদন বাড়ানোর সুযোগ থাকলেও সে ব্যাপারে কয়েক বছর ধরে কোনো কার্যকর সরকারি উদ্যোগ না থাকায় এ সমস্যা ক্রমাগতভাবে বাড়ছে।