গ্যাস লাইটার কারখানায় আগুন: শ্রম আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় শ্রম আদালতে মামলা হয়েছে। ঢাকা জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মেহেদি হাসান বাদী হয়ে আজ সোমবার এ মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, কারখানাটিতে গ্যাসের কাজে ঝুঁকি ও দুর্ঘটনায় মারাত্মক পরিণতি সম্পর্কে জানার পরেও মালিক কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা বিধান না করে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ছাড়া শ্রমিকদের বিপজ্জনক পরিণতি সম্পন্ন কাজে যুক্ত করেন; যা বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর ৩০৭ ও ৩০৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

মামলায় কারখানার চেয়ারম্যান মাহমুদ আলম, ভাইস চেয়ারম্যান মাহমুদ কাওসার, ব্যবস্থাপনা পরিচালক শামীম এলাহী ও ব্যবস্থাপক নজরুল ইসলামকে আসামি করা হয়েছে।

আশুলিয়ার জিরাব এলাকার ঝুঁকিপূর্ণ এই কারখানাটিতে গত মঙ্গলবার অগুন লাগে। এতে ২৬ জন নারী ও শিশু শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের মধ্যে ইতিমধ্যেই তিনজন মারা গেছেন।

ঢাকা জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক জাকির হোসেন বলেন, কালার ম্যাক্স (বিডি) লিমিটেড কর্তৃপক্ষ অধিদপ্তরের রেজিস্ট্রেশন লাইসেন্স নেয়নি। এ ছাড়া কারখানা প্রতিস্থাপনের আগে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়েও কোনো অনুমোদন নেয়নি; যা বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর সুস্পষ্ট লঙ্ঘন।

জাকির হোসেন আরও বলেন, মামলা দায়েরের পর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাঁরা শ্রম আইনের পঞ্চম তফসিল অনুযায়ী নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা করে ব্যাংকে জমা দেওয়ার অঙ্গীকার করেছে। এ ছাড়া আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয় বহনের পাশাপাশি কর্মক্ষম না হওয়া পর্যন্ত তাঁদের বেতন প্রদানের বিষয়ে মুচলেকা আদায় করা হবে। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে কর্তৃপক্ষ এসব শর্ত পূরণ না করলে তাঁদের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে আরও একটি মামলা করা হবে। এ বিষয়ে সব প্রস্তুতিও নেওয়া হয়েছে।