গ্যাস-সংকট নিরসনে চট্টগ্রাম চেম্বারের ১৭ দফা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্যাস-সংকট নিরসনে ১৭ দফা প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, সরকারের প্রয়োজনীয় উদ্যোগের অভাবে এ অঞ্চলে গ্যাস-সংকট তৈরি হয়েছে। এ কারণে রপ্তানিমুখী শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে চেম্বার সভাপতি ১৭ দফা প্রস্তাব তুলে ধরে বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি, পর্যাপ্তসংখ্যক কমপ্রেসার স্টেশন স্থাপন, গ্যাসের সাহায্যে উৎপাদন না করে সার আমদানি করে চাহিদা পূরণ, বাখরাবাদ-চট্টগ্রাম গ্যাস সঞ্চালন লাইনের সক্ষমতা বাড়ানো, তাপবিদ্যুৎকেন্দ্রে ফার্নেস অয়েল ব্যবহার করে উদ্বৃত্ত গ্যাস শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ ইত্যাদি।
চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, গ্যাস-সংকটের অভাবে অনেক প্রতিষ্ঠান রুগ্ণ হতে চলেছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জামীল আহমেদ বলেন, ৪০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে এখন গ্যাস পাওয়া যাচ্ছে ২২৩ মিলিয়ন ঘনফুট। বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, বিকেএমইএর প্রতিনিধি শওকত ওসমান প্রমুখ।