গ্যাস-সংকট নিরসনে প্রগতিশীল স্থপতি ফোরামের দাবি
চট্টগ্রামে চলমান গ্যাস-সংকট নিরসনে নয় দফা দাবি বাস্তবায়নের কথা বলেছেন প্রগতিশীল প্রকৌশলী ও স্থপতি ফোরামের নেতারা। গতকাল শুক্রবার বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার মিলনায়তনে আয়োজিত ‘গ্যাস সম্পদের ওপর সাম্রাজ্যবাদী লুণ্ঠন ও জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব দাবি তুলে ধরেন। নয় দফা দাবির মধ্যে অন্যতম ছিল কনোকোফিলিপসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল, ‘মডেল পিএসসি ২০০৮’সহ ইতিপূর্বে সম্পাদিত সব গণবিরোধী পিএসসি বাতিল, বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ ও শক্তিশালী করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা, সুনেত্র গ্যাসক্ষেত্রসহ সম্ভাবনাময় সব গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, স্থলভাগের গ্যাসক্ষেত্রগুলোর উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ইত্যাদি।প্রকৌশলী ফুয়াদ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদের জেলা আহ্বায়ক মানস নন্দী, আইইবি (ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সম্পাদক সুভাষ বড়ুয়া প্রমুখ। আলোচনা সভায় বক্তারা গ্যাস-সংকটের কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনা ও সদিচ্ছার অভাবকে দায়ী করেন। আর এর ফলেই বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অসম চুক্তি এবং অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে বলে তাঁরা মত দেন।