গ্যাস-সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গ্যাস-সংকট নিরসনে গ্যাস উত্তোলনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নতুন গ্যাসকূপ খনন করে গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি ৫০০ মিলিয়ন ঘনফুটের সমপরিমাণ এলএনজি আমদানি করার প্রক্রিয়া চলছে। ২০১৩ সালের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে।জাতীয় সংসদে গতকাল বুধবার জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হওয়ায় কোনো সম্পূরক প্রশ্নের সুযোগ ছিল না। গতকাল শরৎকালীন অধিবেশনের শেষ দিনেও প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেয়নি।এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তাদের সীমাহীন দুর্নীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দারিদ্র্য-দুর্দশা-দুর্গতি বেড়ে যায়। বেড়ে যায় বেকারত্ব এবং কমে যায় দেশি-বিদেশি বিনিয়োগ। ফলে দেশে এক ধরনের নৈরাজ্যের সৃষ্টি হয়। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আগের নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিস্থিতির ফলে সৃষ্ট অভ্যন্তরীণ বিনিয়োগের স্থবিরতা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছে।চারদলীয় জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষানীতি ২০০০ প্রণয়ন করে। কিন্তু ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে সে শিক্ষানীতি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি। দীর্ঘদিন দেশে কোনো শিক্ষানীতি ছিল না। তিনি অভিযোগ করেন, জোট সরকারের সময়ে উন্মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদোন্নতি ও উন্নয়নকাজে প্রচুর দুর্নীতি হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, চারদলীয় জোট সরকারের সময় ভর্তি-বাণিজ্য ও ভর্তি নিয়ে সহিংসতার ঘটনা ঘটেছিল। বর্তমান সরকার ভর্তি-বাণিজ্য ও ভর্তি নিয়ে সহিংসতা বন্ধে ভর্তিপ্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে এখন এ ধরনের অনাচার প্রায় বন্ধ হয়ে গেছে।এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জ্বালানি ক্ষেত্রে চারদলীয় জোট সরকারের বিভিন্ন অনিয়মের ঘটনা তুলে ধরে বলেন, ওই সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ ছিল শূন্যের কোঠায়। নূর-ই-হাসনা চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও তাদের জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সময়ের সঙ্গে শ্রমিকদের সংখ্যা ও সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি তৈরি পোশাকশিল্পসহ শ্রমিকদের জীবনমান উন্নয়নে মহাজোট সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।মোয়াজ্জেম হোসেনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ছয়টি বিভাগে ছয়টি শান্তিনিবাস চালু করার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলায় ৫০ জন প্রবীণ ব্যক্তিকে নিয়ে শান্তিনিবাস পুনরায় চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অবশিষ্ট পাঁচটি শান্তিনিবাস চালু করার বিষয়ে কার্যক্রম চলছে। ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতে আরও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের আছে। বরিশাল বিভাগীয় শহরে একটি, গোপালগঞ্জ জেলায় একটি ও রাঙামাটি জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলছে।