গ্যাস-সংকট নিয়ে উদ্বেগ
মানিকগঞ্জে গতকাল রোববার আইনশৃঙ্খলা কমিটির সভায় গ্যাস-সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন খান এ উদ্বেগের কথা জানান।
হেলাল উদ্দিন খান বলেন, ‘আমরা গ্যাস পাই না, তারপরও নিয়মিত গ্যাসের বিলের টাকা দিতে হচ্ছে। সরকারি দল করি, তাই আন্দোলন কিংবা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে পারি না। কারণ, মামলা করলে সরকারের দুর্নাম হয়। গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের (নগরবাসী)।’
সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাতের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির জেলার জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ওবায়দুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাব ও জেলা ক্যাবের সভাপতি গোলাম ছারোয়ার প্রমুখ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অঞ্জনা খান মজলিশ ছাড়াও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গ্যাসের সমস্যার বিষয়ে জেলা প্রশাসক বলেন, তিতাস গ্যাসের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করা হবে।
অঞ্জনা খান মজলিশ বলেন, ভোক্তা অধিকার আইনে দোকানগুলোতে প্রতিটি পণ্যের মূল্যতালিকা থাকা বাধ্যতামূলক।